সাবেক থাই যুবরানির বাবা-মার কারাদণ্ড
থাইল্যান্ডের সাবেক যুবরানি শ্রীরাসমির বাবা-মাকে আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বিবিসি বলছে, থাই রাজতন্ত্রের অবমাননার অভিযোগে তাদের এই শাস্তি দেয়া হয়েছে।
সম্প্রতি যুবরাজ ভাজিরালংকর্নের সঙ্গে যুবরানি শ্রীরাসমির বিয়ে বিচ্ছেদ হয়েছে।
শ্রীরাসমির বাবা-মা ১২ বছর আগে রাজকীয় পরিবারের আত্মীয়তার সুযোগে তার অপব্যবহার করেছেন বলে অভিযোগে প্রমাণিত হয়েছে।
বুধবার থাইল্যান্ডের একটি আদালত ৭২ বছর বয়সী আপিরাজ সুওয়াদে এবং তার স্ত্রী ৬৬ বছর বয়সী ওয়ানথানেকে রাজপরিবারকে অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডে দণ্ডিত করে।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত শ্রীরামসির নয় আত্মীয় গ্রেপ্তার হয়েছেন।
থাইল্যান্ডের রাজপরিবার বিশ্বের অন্যতম কঠোর আইনের মাধ্যমে সুরক্ষিত।
ওই আইন অনুযায়ী থাই রাজা-রানি ও রাজপুত্রের বিরুদ্ধে যেকোনো নেতিবাচক মন্তব্য দণ্ডণীয় বলে বিবেচিত হয়। এই অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
গণমাধ্যমগুলোও আইনি ঝুঁকির কারণে এ ব্যাপারে বিস্তারিত কোনোকিছু প্রকাশ করতে পারে না।
সমালোচকেরা বলেন, এই আইন বাক-স্বাধীনতাকে খর্ব করে এবং রাজনৈতিক প্রতিপক্ষের মুখ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়।
সাবেক যুবরানি শ্রীরাসমি ২০১৪ সালের ডিসেম্বরে তার সমস্ত রাজকীয় খেতাব ত্যাগ করেন।
তার দুইভাই ও একবোনসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য বর্তমানে অভিযুক্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন।
২০০১ সালে ভাজিরালংকর্ন ও শ্রীরাসমি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের একটি পুত্র সন্তান আছে।
রাজা ভূমিবলের পর ভাজিরালংকর্ন রাজা হলে শ্রীরাসমি থাইল্যান্ডের রানি হতেন বলে ধারণা করা হয়।
