‘ইরাকে অস্ট্রেলীয় কিশোরের আত্মঘাতী হামলা’
ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াই করতে মধ্যপ্রাচ্যে পাড়ি দেয়া এক অস্ট্রেলীয় স্কুলছাত্র ইরাকে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন।
বিবিসি বলছে, মেলবোর্নের ১৮ বছর বয়সী জ্যাক বিলার্দি একজন ধর্মান্তরিত মুসলিম। ২০১৪ সালে তিনি তুরস্ক হয়ে ইরাকে যান।
বুধবার আইএসের সঙ্গে সম্পৃক্ত একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে, জ্যাক বিলার্দি একটি সাদা রঙের গাড়িতে চালকের আসনে রয়েছেন। তাতে ক্যাপশন দেয়া হয়েছে, “আল্লাহ তাকে গ্রহণ করুন”।
অস্ট্রেলীয় সরকার জানিয়েছে, এই প্রতিবেদনের ব্যাপারে তারা এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারছে না।
তবে প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, “এটি সত্যি ভয়ানক পরিস্থিতি”।
তিনি বলেন, “এটা খুব খুব গুরুত্বপূর্ণ যে, আমরা আমাদের তরুণ প্রজন্মের নিরাপত্তার জন্য, এসব উগ্রবাদী মতাদর্শ থেকে রক্ষার জন্য সবকিছু করার চেষ্টা করি।”
আনুমাণিক ৯০ জন অস্ট্রেলীয় আইএসের পক্ষে লড়াই করার জন্য সিরিয়া ও ইরাকে পাড়ি জমিয়েছেন।
এর বাইরে প্রায় ১৫০ জন অস্ট্রেলীয়র আইএস জঙ্গি গোষ্ঠীর প্রতি সমর্থন রয়েছে।
