পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
যেকোনো অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ তুলে নিয়েছে পাকিস্তান।
এরআগে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পোশোয়ারে স্কুলশিশুদের ওপর জঙ্গি হত্যাযজ্ঞের পর সন্ত্রাসী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকরের ওপর থেকে প্রায় সাত বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল পাকিস্তান সরকার।
কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব অপরাধী প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন
তাদের মধ্যে যাদের আবেদন খারিজ হয়ে যাবে এখন থেকে তাদের দণ্ড কার্যকর করা হবে।
মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, পাকিস্তানে ৮ হাজারেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাদের মাঝে প্রায় ১ হাজার অপরাধীর আপিল ও প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে গেছে।
ইসলামাবাদে নিযুক্ত বিবিসি প্রতিনিধি এম ইলিয়াস জানিয়েছেন, এই সময়ে এই স্থগিতাদেশ তুলে নেয়ার কারণ পরিষ্কার নয়।
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়ার পর ২০১৪ সালের ডিসেম্বরে দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ২০ জনেরও বেশি অপরাধীর ফাঁসি দেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি বিবিসির কাছে এসেছে, তাতে বলা হয়েছে, ‘সকল প্রকাল আইনি প্রক্রিয়া শেষে এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হলে’ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
চিঠিতে ৩ মার্চ তারিখ ইস্যু করা হয়েছে এবং এটি স্বরাষ্ট্র সচিব ও চার প্রদেশের ঠিকানায় পাঠানো হয়েছে।
পেশোয়ারের স্কুলে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় শুরু না করার ব্যাপারে জাতিসংঘ পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল।
কাদরি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবেন।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর নয় জঙ্গি সামরিক পোশাকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে ওই বর্ব হত্যাকাণ্ড চালায়, যাতে ১৩২ শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন নিহত হয়।
নিহত শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে বলে কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের অনেকেই সেনা কর্মকর্তাদের সন্তান। জঙ্গি হামলায় একই বয়সী আরও অন্তত ১২১ স্কুলশিশু আহত হয়েছে।
পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান এই হামলার দায় স্বীকার করে বলেছে, সাম্প্রতিক সময়ে সেনা অভিযানে কয়েক হাজার তালেবান সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এ হামলা।
পাকিস্তানের আইনে সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ২০০৮ সালে প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারির সময়ে ফাঁসি কার্যকরের ওপর এই নিষেধাজ্ঞা আসে। তার মেয়াদ ২০১৩ সালের জুলাইয়ে শেষ হয়ে গেলেও বিভিন্ন মানবাধিকার সংস্থার আহ্বানে নওয়াজ শরিফের মুসলিম লিগ সরকারও নিষেধাজ্ঞা বহাল রাখে।
নিষেধাজ্ঞার মেয়াদপূর্তির পর পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সুক্কুর শহরে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-জাংভির দুই সদস্যের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয়া হলেও নওয়াজের নিষেধাজ্ঞা বহালের সিদ্ধান্তে সে সময় তা আটকে যায়।
সরকার কোনো তালেবান সদস্যের ফাঁসি কার্যকর করলে তা ‘যুদ্ধ ঘোষণা’ বিবেচনা করা হবে বলেও সে সময় হুমকি দিয়েছিল দলটি।
ছয় বছরে জঙ্গি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে অন্ততপক্ষে আট হাজার আসামির মৃত্যুদণ্ডের রায় হলেও নিষেধাজ্ঞার কারণে তাদের ফাঁসি কার্যকর হয়নি।
