জাতিসংঘ মহাসচিব পদে নারী মুখের আবেদন বাড়ছে
জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের মেয়াদ আগামী বছর ডিসেম্বর পর্যন্ত হলেও এ পদে পরবর্তীতে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আর মহাসচিব পদের এ দৌড়ে নতুন প্রচারাভিযানে আবেদন বাড়ছে নারী মুখের।
জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৪৬ সালের জানুয়ারিতে গৃহীত প্রস্তাবনা অনুযায়ী, মহাসচিব পদে আসীন হতে পারেন “বিশিষ্ট এবং খ্যাতিমান একজন পুরুষই”।
কিন্তু এবার অনেকেই এ পদে দেখতে চাইছেন একজন নারীকে। অতীতে অবশ্য এ পদের জন্য নিরাপত্তা পরিষদের বাছাই প্রক্রিয়ায় রুদ্ধদ্বার ভোটে ঠাঁই পেয়েছিলেন তিন নারী প্রার্থী। কিন্তু এবার পরবর্তী জাতিসংঘ মহাসচিবের পদটি যেন একজন নারীই পান তা নিশ্চিত করার প্রচারাভিযান শুরু হচ্ছে।
নারী মহাসচিব নির্বাচন নিয়ে নতুন প্রচারাভিযানের নেতৃত্বে থাকা ইয়েল বিশ্ববিদ্যালয়ের লেকচারার জেন ক্রাসনো বলেন, “৮ জন পুরুষ প্রার্থী আছে। কিন্তু কোনো নারী নেই।” আমার মনে হয়, “নারী নেতৃত্ব নিয়ে আসার এখনই সময়।”
আগামী বছরের শেষদিকে বান কি-মুনের উত্তরসুরি নির্বাচন করা হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এর কোনো দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি বলেই জানিয়েছেন কর্মকর্তারা।
তবে প্রচার শুরু হয়ে গেছে গত রোববার থেকেই। উইমেনএসজি.অরগ মহাসচিব পদে অসাধারণ সম্ভাব্য পদপ্রার্থী হিসাবে তুলে ধরবে রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নারীদেরকে। কয়েকসপ্তাহ পরপরই অনলাইনে পোস্ট করা হবে নতুন নতুন আরো সম্ভাব্য প্রার্থীর তালিকা।
আগামী মাসে আন্তর্জাতিক নারী অধিকার গ্রুপ ইকুয়ালিটিও নারী প্রার্থীর জন্য একই ধরনের প্রচার শুরু করবে। প্রথমবারের মত নারী-পুরুষের বিষয়টিকে সমানভাবে গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয়ার জন্য জনগণকে জাতিসংঘ ও এর সদস্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টিরও আহ্বান জানাবে তারা। বলেছেন, দলটির আইন উপদেষ্টা অ্যান্টোনিয়া কিরকল্যান্ড।
