এমএইচ৩৭০ খুঁজে বের করার অঙ্গীকার মালয়েশিয়ার
প্রায় এক বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান এমএইচ৩৭০ খুঁজে বের করার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নজিব রাজাক।
এ পর্যন্ত বিমানটির কোনো চিহ্ন এবং হদিস পাওয়া না গেলেও এটি খুঁজে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
গত বছরের মার্চ মাসে ২৩৯ আরোহী নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ হয়ে যায় এমএইচ৩৭০ ফ্লাইট। বিমানটির অনুসন্ধানে নিয়োজিত তদন্তকারীদের তাদের তল্লাশি অভিযান সম্পর্কে রোববার একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
মালয়েশিয়া এয়ারলাইন্সের এ নিখোঁজ বিমানটি তল্লাশির নেতৃত্বে আছে অস্ট্রেলিয়া।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক পার্টনারদেরকে সঙ্গে নিয়ে তল্লাশি কাজ চলছে। মালয়েশিয়া এ কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত বিমানটি খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদী।
চীনের পররাষ্ট্রমন্ত্রীও এরই মধ্যে বলেছেন, এক বছর আগে হারিয়ে যাওয়া এ ফ্লাইটটির অনুসন্ধান কাজ বন্ধ করবেন না তারা।
চীনের পার্লামেন্টে বার্ষিক বৈঠকের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, “এমএইচ৩৭০ এর অনুসন্ধান কাজ চলবে।”
