পেশোয়ারে নিহতদের নামে ১০৭টি স্কুলের নামকরণ
২০১৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে দেশটির ১০৭টি স্কুলের নতুন নামকরণ করেছে কর্তৃপক্ষ।
এসব স্কুলের মধ্যে পেশোয়ারের ৬০টি স্কুলের নামকরণ ইতোমধ্যেই নিহতদের নামে করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।
নিহতদের বেশিরভাগ আত্মীয়স্বজন কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তবে নিহত এক ছাত্রের পিতা জানিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণের আগে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি।
২০১৪ সালের ১৬ ডিসেম্বরে তালেবান জঙ্গিদের হামলায় পেশোয়ারের ওই স্কুলের ১৩৩ জন ছাত্রসহ ১৫০ জন নিহত হন।
ওই হামলায় সরাসরি জড়িত আট জঙ্গি ঘটনাস্থলে নিহত হলেও জড়িত অন্যদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা।
ওই এলাকার স্কুলগুলোর শিক্ষকদের আগ্নেয়াস্ত্র চালনার প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ক্লাসে অস্ত্র বহনের অনুমতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতের মধ্যে বাকি স্কুলগুলোর নামকরণ শেষ করার ঘোষণা দিয়েছে খাইবার-পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার।
এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছে সরকার।
