‘ইরানের পরমাণু উদ্যোগ এক দশক বন্ধ রাখতে হবে’
পরমাণু চুক্তিতে পৌঁছাতে ইরানকে অবশ্যই তদারক করার সুযোগ রেখে অন্ততপক্ষে ১০ বছরের জন্য স্পর্শকাতর পরমাণু তৎপরতা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিতে হবে বলে মন্তব্য করেছেন বারাক ওবামা।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক বিস্তারিত সাক্ষাৎকালে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে এখনও কিছু দ্বিমত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে গ্রহণ করা এই সাক্ষাৎকারে ওবামা, ইরান চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন ভাষণ নিয়েও কথা বলেন।
নেতানিয়াহুর এই তৎপরতা বিরক্তিকর হলেও তা যুক্তরাষ্ট্র-ইসরায়েল মিত্রতাকে ‘স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত’ করবে না বলে জানিয়েছেন তিনি।
ইরান যেন পরমাণু অস্ত্র বানাতে না পারে এটি নিশ্চিত করার লক্ষ্য এক হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার ‘মূলগত দ্বিমত’ রয়েছে বলে জানিয়েছেন ওবামা। এ বিষয়ে নেতানিয়াহুর অবস্থানের তীব্র সমালোচনা করেন তিনি।
পরমাণু প্রকল্প নিয়ে মার্চের মধ্যে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের একটি খসড়া চুক্তিতে আসার কথা। আর ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা।
ইরানের ওপর আরোপিত বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা সহজ করার বিনিময়ে ইরানের পরমাণু সামর্থ্যকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখার লক্ষ্যে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। মার্চের চূড়ান্ত সময়সীমার আগে ওই আলোচনা এখন চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ববর্তী পর্যায়ে আছে।
এই পর্যায়ে সাফল্যজনক চুক্তির চূড়ান্ত সময়সীমার আগে ইরানের পরমাণু তৎপরতার স্পর্শকাতর অংশগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখার দাবি জানিয়ে ওবামা ইরানকে সবচেয়ে কঠোর বার্তা দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
