সিরিয়ার পথে যুক্তরাজ্যের কিশোরীরা
নতুন এক সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা গেছে, ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দিতে সিরিয়ার পথে যাচ্ছে যুক্তরাজ্যের তিন কিশোরী।
১৭ ফেব্রুয়ারিতে লন্ডন থেকে তুরস্কের ইস্তাম্বুলে যায় ১৫ বছর বয়সের শামীমা বেগম, আমিরা আবাসি এবং ১৭ বছর বয়স্ক কাদিজা সুলতানা।
ওই দিনই শেষ বেলায় তাদেরকে বেরামপাসা বাস স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।
স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের ধারণা বেথনাল গ্রিন একাডেমির শিক্ষার্থীরা এখন সিরিয়ায়। তারা সীমান্তে আইএস জঙ্গিদের সঙ্গে সাক্ষাৎ করেছে বলেই মনে করা হচ্ছে।
বিবিসি’র সংবাদদাতারা বলছেন, ১৮ ফেব্রুয়ারিতে ওই কিশোরিরা সিরিয়ার সীমান্তের কাছে উরফা’র বাসে ওঠার আগে বাস স্টেশনে দুটো বাস কোম্পানির কার্যালয়ে ছিল।
সেখান থেকে মানুষ পাচারকারীদের সাহায্যে তারা সীমান্ত পারাপার এলাকায় যায়। তারা বাস স্টেশনে ১৮ ঘন্টা অপেক্ষা করেছে।
সেখান থেকে তারা পরে সিরিয়া সীমান্তে যায় এবং সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢোকে। সেখানে অপেক্ষায় থাকা আইএস জঙ্গিরা গাড়িতে করে তাদেরকে তুলে নিয়ে যায়।
বাবা-মা দেরকে একদিনের জন্য বাইরে যাওয়ার কথা বলে ওই তিন কিশোরী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে তুরস্কে যায়। তাদেরকে বাড়ি ফিরে আসার আকুল আবেদন জানিয়েছে তাদের পরিবার।
