২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজকীয় ক্ষমার আবেদন জানাল আনোয়ারের পরিবার

মালয়েশিয়ায় সমকামিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কারান্তরীণ বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের জন্য রাজকীয় ক্ষমার আবেদন জানিয়েছে তার পরিবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 09:01 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

মালয়েশিয়ার নির্বাচিত রাজা ইয়াং ডি-পের্তুয়ান আগংয়ের কাছে এই ক্ষমা আবেদন করে তারা।

সমকামিতার অভিযোগে দোষী সাব্যস্ত আনোয়ার ইব্রাহিমের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। এ মাসের শুরুর দিকে মালয়েশিয়ার একটি আদালত এ সাজা দেয়।

যদিও আনোয়ার ইব্রাহিমের দাবি, তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার জন্যই এ মামলা করা হয়েছে।

মুসলিম সংখ্যাগোরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় সমকাম নিষিদ্ধ।

এক সংবাদ সম্মেলনে আনোয়ারের পরিবার তার মুক্তির দাবি জানিয়ে বলে, “তিনি একজন রাজনৈতিক বন্দি যার ওপর প্রচণ্ড জুলুম চালানো হয়েছে। এ কারণে কারাগারে তিনি খুবই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন।”

মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, আনোয়ার যদি তাকে দেয়া শাস্তির বিরুদ্ধে আপিল না করেন তবে তার কারাদণ্ডের মেয়াদ শুরু হওয়ার ১৪ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাবেন তিনি।

আনোয়ার এর আগে জানিয়েছিলেন, তিনি ক্ষমা চাইবেন না। সংবিধান অনুযায়ী, ক্ষমা না চাওয়াও এক ধরনের অপরাধ।

এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে আনোয়ারের মেয়ে নুরুল নুহা আনোয়ারের এ মামলাকে ‘বিচার-বিভ্রাট’ বলে মন্তব্য করেন।

“সাংবিধানিক প্রক্রিয়ার ওপর আমরা পূর্ণ আস্থা রাখছি। আমাদের বিশ্বাস যদি কোন ধরনের রাজনৈতিক ইন্ধন ছাড়াই পুরো বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করে দেখা হয় তবেই ন্যায় বিচার করা সম্ভব হবে।”

সমকামিতার অন্য একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া আনোয়ার এরই মধ্যে ছয় বছর কারাগারে কাটিয়েছেন। যদিও পরে ওই মামলা খারিজ হয়ে যায়। আনোয়ারের জোর দাবি, তিনি নির্দোষ।

১০ ফেব্রুয়ারি আনোয়ারকে আবারো কারাগারে পাঠানো হয়। সেখান থেকে এক বিবৃতিতে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ জালিয়াতি ছাড়া আর কিছু নয়। রাজনৈতিক দুরভিসন্ধি থেকে এ মামলা করা হয়েছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতেই এ মামলা।”

আনোয়ারের পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) মুখপাত্র বলেন, “রাজকীয় ক্ষমার এ আবেদনের প্রতি আমরা সম্মান জানাচ্ছি। এরকম একটি সিদ্ধান্ত নেয়ার কারণও আমরা বুঝতে পারছি।”