সিরিয়ায় ১৫০ খ্রিস্টানকে অপহরণ করেছে আইএস
সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের আল হাসাকা প্রদেশের একটি অ্যাসিরীয় খ্রিস্টান গ্রাম থেকে অন্ততপক্ষে ১৫০ জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
গ্রামটিতে হামলা চালানোর পর এদের অপহরণ করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সিরীয় খ্রিস্টান গোষ্ঠীগুলো।
সিরিয়ার ভিতরে ও বাইরে কাজ করা বেশ কয়েকটি সিরীয় খ্রিস্টান এনজিও’র প্রতিনিধিত্বকারী গোষ্ঠী ‘সিরিয়াক ন্যাশনাল কাউন্সিল ফর সিরিয়া’ জানিয়েছে, তারা যাচাই করে গ্রামটির অন্ততপক্ষে ১৫০ জনকে নিখোঁজ পেয়েছেন, এদের মধ্যে নারী ও বর্ষিয়ান ব্যক্তিরা রয়েছেন।
জঙ্গিরা এদের অপহরণ করেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
জর্দানের রাজধানী আম্মান থেকে গোষ্ঠীটির সভাপতি বাজাম ইসহাক বলেছেন, “ঘটনাস্থলে থাকা আমাদের সূত্রের মাধ্যমে আমরা যাচাই করে দেখেছি, অন্ততপক্ষে ১৫০ জনকে অপহরণ করা হয়েছে।”
ইসহাক পরিবারও সিরিয়ার হাসাকা প্রদেশের থেকে এসেছে।
এরআগে যুক্তরাজ্যভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছিল, হাসাকার পশ্চিমাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত শহর তেল তমরে হামলা চালিয়ে পাশের একটি প্রাচীন সংখ্যালঘু খ্রিস্টান গ্রাম থেকে ৯০ জনকে ধরে নিয়ে গেছে আইএস জঙ্গিরা।
এসব অপহরণের খবর নিশ্চিত করেনি আইএস।
তবে তেল তমরে লড়াইরত বলে কথিত আইএস জঙ্গিদের কয়েকটি ছবি অনলাইনে প্রকাশ করেছে গোষ্ঠীটির সমর্থকেরা। এসব ছবিতে ক্যামোফ্লেজ নেয়া আইএস যোদ্ধাদের মানচিত্রের উপর ঝুঁকে থাকতে ও মেশিনগান দিয়ে গুলি করতে দেখা গেছে।
রোববার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার ছত্রছায়ায় ও ইরাকি পেশমেরগা বাহিনীর সহায়তায় সিরীয় কুর্দি বেসামরিক বাহিনী উত্তর সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে দুটি আক্রমণ চালিয়েছে।
চার বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
