২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৫০

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অক্সনার্ড শহর থেকে লস অ্যাঞ্জেলস শহরে যাওয়ার পথে একটি কম্যুটার ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টর-ট্রেইলারের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন।

রয়টার্স

রয়টার্স

Published : 25 Feb 2015, 11:08 AM

Updated : 12 Oct 2022, 03:20 PM

মঙ্গলবার ভোরের আগের এ ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় কেউ নিহত না হলেও ট্রেইলার ট্রাকটিকে ধাক্কা দিলে মেট্রোলিঙ্ক রেলের তিনটি দ্বিতল বগি উল্টে যায় ও অপর দুটি লাইনচ্যুত হয়।
অপরদিকে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেইলারটি একপাশে ছিটকে যায় এবং এর ছিন্নবিচ্ছিন্ন অংশগুলোতে আগুন ধরে যায়।

অক্সনার্ডের দুর্ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূর থেকে ট্রেইলারটির চালক জোসে আলেজান্দ্রো স্যানচেজ-রামিরেজ’কে (৫৪) আটক করা হয় বলে সহকারী পুলিশ প্রধান জ্যাসন বেনিতেস জানিয়েছেন।

রামিরেজ অক্ষত আছেন জানিয়ে বেনিতেস বলেন, “চালক রামিরেজ পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে সরে পড়েছিলেন। তাকে যখন পাওয়া যায়, তখন তিনি হেঁটে যেতে যেতে মোবাইল ফোনে কথা বলছিলেন। তাকে উদভ্রান্তের মত লাগছিল।”

দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আঘাত করে পালিয়ে যাওয়ার মতো গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেনিতেস। তিনি আরো জানান, ট্রাকচালক ঝালাই সামগ্রী দিয়ে ভরা একটি ট্রেইলার টেনে নিয়ে যাচ্ছিলেন, ভোররাতের অন্ধকারে তিনি ভুল দিকে মোড় নিয়ে ট্রেন লাইনে এসে পড়েন, সেখানেই ঘন্টায় ১২৭ কিলোমিটার বেগে ধাবমান ট্রেনটি ট্রেইলারটিকে আঘাত করে। দুর্ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া রামিরেজ’কে আর কোনো কারণে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানাতে জানাতে রাজি হননি বেনতিস। তবে পুলিশ মনে করছে এটি সচেতনভাবে ঘটনো কোনো নাশকতা নয়, জানিয়েছেন বেনিতেস। সংঘর্ষের আগে ট্রেনের জরুরি ব্রেক পদ্ধতি ব্যবহার করার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে বলে মনে করেন মেট্রোলিঙ্ক’র মুখপাত্র জেফ লাস্টগার্টেন।