মাদার তেরেসাকে নিয়ে কটাক্ষ, ক্ষোভ ভারতে
মাদার তেরেসার দাতব্য কর্মসূচির উদ্দেশ্য ছিল গরিবদেরকে খ্রিস্টানধর্মে দীক্ষিত করা- এক হিন্দু নেতার এ মন্তব্য নিয়ে ভারতজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঘনিষ্ঠ হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এর প্রভাবশালী নেতা মোহন ভগবতের এ মন্তব্যের সমালোচনা করেছে বিরোধীদলীয় রাজনীতিবিদরা। তাছাড়া, আরো বহু ভারতীয় স্যোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করার বেশ কয়েকদিন পর মোহন ভগবত এ মন্তব্য করলেন।
দিল্লিতে কয়েকটি চার্চে হামলার পর মোদী ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
মাদার তেরেসা কলকাতায় মিশনারি প্রতিষ্ঠা করে গরিবদের জন্য কাজ করেছেন প্রায় ৫০ বছর ধরে। নিবেদিতপ্রাণ কাজের জন্য তিনি ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কারও পান।
ভারতও দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন দিয়ে মাদার তেরেসাকে তার কাজের স্বীকৃতি দিয়েছিল।
সোমবার রাজস্থানে একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ভগবত বলেন, “মাদার তেরেসার কাজ হয়ত ভাল ছিল। কিন্তু এর একটা উদ্দেশ্য ছিল। আর তা হল মানুষজনকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা”।
তিনি আরো বলেন, “এখানে প্রশ্ন ধর্মান্তরকরণের নয়, কেউ যদি মানুষের সেবা করার নামে ধর্মান্তর করে তাহলে সেই সেবার অবমূল্যায়ন হয়।”
ভগবতের এ কটাক্ষের সমালোচনা করেছেন খ্রিস্টান নেতারাসহ বিরোধীদলীয় রাজনীতিবিদ এবং সাধারণ ভারতীয়রাও।
ভগবতের কথা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন দিল্লির এক ক্যাথলিক চার্চের ফাদার। মাদার তেরেসা গরিবদের জন্য তার জীবন উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
ওদিকে, ভগবতের মন্তব্যের জন্য ক্ষমতাসীন দল বিজেপি’র কাছ থেকে ক্ষমা দাবি করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টি। বিষয়টি পার্লামেন্টে তোলা হবে বলেও জানিয়েছে তারা।
মাদার তেরেসাকে এভাবে অপমান করা উচিত না বলে ক্ষোভ ঝেড়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। তৃণমূল কংগ্রেস পার্টির এমপি’রাও ভগবতের বক্তব্য নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। ট্যুইটারে প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
