২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে বিদ্রোহীদের অস্ত্র প্রত্যাহার শুরু

পূর্ব ইউক্রেইনে যুদ্ধবিরতি চুক্তির আওতায় রণক্ষেত্রের সম্মুখসারি থেকে ভারী অস্ত্র সরিয়ে নিতে শুরু করেছে রুশপন্থি বিদ্রোহীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

তবে লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত সরে যেতে রাজি নয় ইউক্রেইনের সেনাবাহিনী।

সম্প্রতি পূর্ব ইউক্রেইনে বিদ্রোহীরা প্রাথমিকভাবে যুদ্ধবিরতি অগ্রাহ্য করে সরকার নিয়ন্ত্রিত একটি শহরে হামলা চালানোর পর এখন লড়াই থিতিয়ে এসেছে।

শহরটি দখলের পর মস্কোপন্থি বিদ্রোহীরা যুদ্ধবিরতি কার্যকর থাকুক এমন চাওয়ারই ইঙ্গিতই দিয়েছে।

কিয়েভ বলেছে, বিদ্রোহীরা এখনো গুলি ছুড়ছে। তবে বিদ্রোহীরা এ অভিযোগ অস্বীকার করেছে।

পশ্চিমা বিশ্বের দেশগুলো ইউক্রেইনে লড়াইয়ের অবসান ঘটাতে কেবল যুদ্ধবিরতি চুক্তি করেই ক্ষ্যান্ত দেয়নি বরং বিদ্রোহীরা ‘নিউ রাশিয়া’ অঞ্চলে আরো বেশি অগ্রসর হলে মস্কোর ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছে।

বিদ্রোহী কমান্ডার এদুয়ার্দ বাসুরিন বলেছেন, “মঙ্গলবার সকাল ৯ টা থেকে ভারী হাতিয়ার সরনোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এগুলোকে সীমান্তরেখা থেকে ৫০ কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। তবে ঠিক কোথায় আমরা এগুলো নিয়ে যাচ্ছি তা অবশ্যই বলব না।”

ইউক্রেইনের দক্ষিণ-পূর্বে ইউক্রেইন বাহিনীর লড়াইয়ের খবর অস্বীকার করেছেন বাসুরিন। সরকারের দিকে থেকে উস্কানি আছে বলে জানালেও তিনি বলেন, মারাত্মক ধরনের কোনো লড়াই চলছে না।

মারিউপোলের কাছের গ্রামগুলোতে বিদ্রোহীরা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। ৫ লাখ মানুষের এ বন্দরটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলার পরবর্তী লক্ষ্যস্থল হতে পারে বলে আশঙ্কা ইউক্রেইন বাহিনীর।

মারিউপোলে টিভি চ্যানেল ১১২ তে ইউক্রেইনের সেনাবাহিনীর মুখপাত্র দিমিত্রো চ্যালি বলেছেন, “সকাল থেকেই তুমুল গোলা হামলা চলছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ তবে নিয়ন্ত্রণে আছে।”