২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় ম্যারাথনে বিদেশিদের ওপর নিষেধাজ্ঞা

ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কায় উত্তর কোরিয়া ম্যারাথনে বিদেশিদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 09:47 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

‘বেইজিংভিত্তিক ট্র্যাভেল এজেন্সি’ ‘কোরিও ট্যুরস’ তাদের ওয়েব সাইটে এ তথ্য জানায়।

ওয়েব সাইটে বলা হয়, “আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, উত্তর কোরিয়ার অংশীদাররা আমাদের জানিয়েছেন এবারের পিয়ংইয়ং ম্যারাথনে পেশাদার বা অপেশাদার কোন বিদেশি দৌড়বিদকে অংশ নিতে দেয়া হবে না।”

ওই ট্র্যাভেল এজেন্সি তাদের টুইটার একাউন্টে আরও জানায়, “ইবোলা ছড়িয়ে পড়তে পারে এ ভয়ে বিদেশিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”

১২ এপ্রিল এ ম্যারাথন শুরু হবে। পর্যটকদের কাছে পিয়ংইয়ং ম্যারাথন বেশ জনপ্রিয়। ইবোলা ভাইরাস সংক্রমণ রুখতে অক্টোবর থেকেই উত্তর কোরিয়া পর্যটকদের দেশটিতে প্রবেশে কড়াকড়ি শুরু করে।

যদিও এখন পর্যন্ত উত্তর কোরিয়া বা এর আশেপাশের কোন এলাকায় ইবোলা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মহামারি আকারে ছড়িয়ে পড়া ইবোলায় এখন পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

গত বছরই প্রথম পিয়ংইয়ং ম্যারাথনে বিদেশিরা অংশগ্রহণের অনুমতি পেয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুইশ দৌড়বিদ ওই ম্যারাথনে অংশ নিয়েছিলেন।

কোরিও ট্যুরস’এর পরিচালক নিক বনার রয়টার্সকে বলেন, “এবার আমাদের মাধ্যমে পাঁচশ দৌড়বিদ ম্যরাথনে অংশ নিতে উত্তর কোরিয়া যেত বলে আমরা আশা করেছিলাম।”

বৈদেশিক মুদ্রার তহবিল বাড়াতে পর্যটনে (বিশেষ করে চীন থেকে আগত পর্যটকদের ব্যাপারে) আগ্রহী হয়েছে উঠেছে উত্তর কোরিয়া।