রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞা আরোপের চিন্তা যুক্তরাষ্ট্রের
ইউক্রেইন সঙ্কটের কারণে রাশিয়ার ওপর নতুন করে ‘গুরুতর নিষেধাজ্ঞা’ আরোপের চিন্তা-ভাবনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একথা বলেছেন।
লন্ডনে এক সফরে কেরি বলেন, আগামী দিনগুলোতে বিভিন্ন বিকল্প পন্থার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইউক্রেইনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিদ্রোহীদেরকে মদদ দেয়ার জন্য মস্কোর বিরুদ্ধে কাপুরুষোচিত আচরণের অভিযোগ করেছেন তিনি।
তবে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেইন সঙ্কট সমাধান করা যাবে না।
মিনস্কে এ মাসে ইউক্রেইনের জন্য হওয়া যুদ্ধবিরতি প্রায়ই ভেস্তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে এ পরিস্থিতির মধ্যেও ইউক্রেইন সরকার এবং রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে সম্মুখসারিতে বন্দি বিনিময়ও হয়েছে। এটি যুদ্ধবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর প্রথম ধাপ।
ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো এক ট্যুইটে বলেছেন, ১৩৯ জন ইউক্রেইনীয় সেনাকে মুক্তি দেয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহীদের মুক্তির বিনিময়ে এই সেনাদের মুক্তি দেয়া হয়েছে।
ইউক্রেইনের কর্মকর্তারা বলেছেন, আগামী কয়েকদিনে আরো এক সেনাকে মুক্তি দেয়া হতে পারে।
লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ডের সঙ্গে কথা বলার আগে কেরি ইউক্রেইন সঙ্কটে মস্কোর ভূমিকার তীব্র সমালোচনা করেন।
রাশিয়ার কাপুরুষোচিত আচরণের মুখে বিশ্ব চুপচাপ বসে থাকবেনা জানিয়ে এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, অতিরিক্ত পদক্ষেপ যে নেয়া হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত।
