ইয়েমেন সঙ্কট: সানা ত্যাগ করেছেন হাদি
কয়েক সপ্তাহের গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি।
হাদির ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
শনিবার হাদি তার নিজ শহর আডেনে চলে গেছেন।
হাউথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলের পর হাদিকে তার বাসভবনে গৃহবন্দি করা হয় এবং পদত্যাগ করতে বাধ্য করা হয়। তবে হাদির পদত্যাগ পত্র ইয়েমেনের সংসদে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইয়েমেনের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে হাদিকে মুক্তি দিয়ে আডেনে যেতে দেয়া হয় বলে ওই সূত্র জানায়।
একটি মধ্যবর্তী পরিষদের মাধ্যমে সংসদের কার্যক্রম চালিয়ে যাওয়া ও অন্যান্য দলগুলকে মতমত প্রদাণের সুযোগ করে দেয়াই ওই চুক্তির লক্ষ্য।
যদিও হাউথিদের দাবি তারা হাদির সানা ত্যাগের বিষয়ে কিছু জানতেন না।
হাউথি নীতিনির্ধারক কমিটির একজন সদস্য আলি আল-কাহুম স্থানীয় একটি সংবাদ সংস্থাকে বলেন, “হাদি তার বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে গেছেন।”
তবে হাদির সানায় থাকা বা না থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বলেও মনে করেন ওই নেতা।
এদিকে সরকারি একজন কর্মকর্তা জানান, হাদির রাজধানী ত্যাগের পর সংসদের জরুরী বৈঠক ডাকা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদি তার সানার বাসভবন ত্যাগ করার পর হাউথি বিদ্রোহীরা সেখানে লুটপাট চালিয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন কাহুম।
সানায় যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুইটি রাজনৈতিক সূত্র হাদির মুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি জানালেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
হাদি আডেনের খরমাকসার জেলায় তার বাড়িতে পৌঁছেছেন বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
