চাল ভর্তুকি প্রকল্পে অবহেলায় অভিযুক্ত ইংলাক
বিতর্কিত চাল ভর্তুকি প্রকল্প নিয়ে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে অবহেলার ফৌজদারি অভিযোগ এনেছেন দেশটির প্রধান সরকারি আইন কর্মকর্তা।
অবহেলার এই অভিযোগ প্রমাণিত হলে ইংলাকের ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে বুধবার জানিয়েছে বিবিসি।
ব্যাংককে দেশটির সর্বোচ্চ আদালতে এই অভিযোগের দাখিলের সময় সেখানে উপস্থিত ছিলেন না ইংলাক। অভিযোগটিকে ফৌজদারি মামলা হিসেবে গ্রহণ করা হবে কিনা, ১৯ মার্চ এ সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে সর্বোচ্চ আদালতের।
বিবিসি’র ব্যাংকক প্রতিনিধি জোনাথন হেড জানিয়েছেন, আদালতে মামলা হিসেবে গ্রহণ করা এই অভিযোগকে, থাইল্যান্ড আবার গণতান্ত্রিক শাসনে ফিরে গেলেও, ইংলাক যেন রাজনৈতিকভাবে আর প্রতিষ্ঠিত হতে না পারেন তা নিশ্চিত করতেই, সামরিক বাহিনীর নেয়া আরেকটি উদ্যোগ বলে মনে করছেন তার সমর্থকরা।
অপরদিকে দেশটির দুর্নীতি দমন সংস্থাও রাষ্ট্রীয় তহবিলের লোকসানের জন্য তাকে ব্যক্তিগতভাবে দায়ী করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।
বুধবার দেশটির অর্থমন্ত্রী সোম্মাই ফেসি জানিয়েছেন, জাতীয় দুর্নীতি দমন সংস্থা থেকে অর্থমন্ত্রণালয় একটি চিঠি পেয়েছে। এতে চাল প্রকল্পে ভর্তুকি দিয়ে রাষ্ট্রীয় তহবিলের ৬০০ বিলিয়ন বাথ ক্ষতিপূরণ করতে ইংলাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।
ফেসি বলেছেন, “রাষ্ট্রীয় ক্ষতির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। মন্ত্রণালয় ব্যবস্থা নিতে প্রস্তুত।”
২০১৪ সালে থাইল্যান্ডের সামরিক বাহিনী ইংলাকের নির্বাচিত সরকারকে উৎখাতের পর মে’তে ইংলাককে ক্ষমতা থেকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করে দেশটির সাংবিধানিক আদালত।
পরবর্তী সময়ে চাল প্রকল্পে ভর্তুকির বিষয়ে তাকে অভিশংসিত করে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে থাই পার্লামেন্ট।
চাল ভর্তুকি প্রকল্পে ইংলাকের ফেউ থাই সরকার থাই কৃষকদের কাছ থেকে আন্তর্জাতিক বাজার দরের চেয়েও বেশি দামে চাল ক্রয় করে। এতে সরকারি গুদামে চাল উপচে পড়ে, কিন্তু দর বেশি হওয়ায় বিদেশে রপ্তানি করতে ব্যর্থ হয়।
এতে দেশটির হাজার হাজার কোটি সরকারি অর্থ গচ্চা যায়।
সমালোচকরা অভিযোগ করেছেন, নিজের সমর্থকদের পকেট ভরতেই ইংলাক এ কাজ করেছেন, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
থাইল্যান্ডের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সিনওয়াত্রা পরিবার ব্যাপক জনপ্রিয়। কিন্তু শহুরে মধ্যবিত্ত ও অভিজাতরা পরিবারটিকে অপছন্দ করে। সিনাওয়াত্রা পরিবার দুর্নীতিপরায়ণ বলে অভিযোগ করে থাকে তারা।
কিন্তু ২০০১ সাল থেকে যে নামের দলই হোক না কেন, সিনাওয়াত্রা পরিবারের সদস্যদের নেতৃত্ব দেয়া দলগুলো থাইল্যান্ডের সব গণতান্ত্রিক নির্বাচনে জয় পেয়েছে।
