২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইউক্রেইন সঙ্কট সমাধানে মিনস্কে নতুন করে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে রাশিয়া তা লঙ্ঘন করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “রাশিয়া চুক্তি লঙ্ঘন করতে থাকলে এজন্য তাদের আরো বেশি মূল্য দিতে হবে।”

জার্মানি ও ফ্রান্সের উদ্যোগে গত সপ্তাহে বেলারুশের রাজধানী মিনস্কে ওই দুই দেশের নেতাসহ রাশিয়া ও ইউক্রেইনের নেতারা মিলে আলোচনার পর নতুন করে যুদ্ধবিরতির চুক্তিতে উপনীত হন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ চুক্তিতে পূর্ণ সমর্থন দিয়েছে। তবে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই প্রতিনিধির মধ্যে এ বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সামান্থা পাওয়ার মিনস্ক চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি বলেন, রাশিয়া শান্তি আনতে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা তাদের প্রমাণ করতে হবে।

তিনি বলেন, “বিদ্রোহীদের অস্ত্রের যোগান দেয়া বন্ধ করুন। সীমান্ত দিয়ে শত শত ভারী অস্ত্র ও নিজেদের সেনা পাঠানো বন্ধ করুন। যে অন্যায় করছেন সেটা অস্বীকার করা বন্ধ করুন।”

রাশিয়ার প্রতিনিধি ভিটালি চুরকিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির মন্তব্যকে ‘আক্রমণাত্মক’ বলে বর্ণনা করেন।

তিনি বলেন, “ইউক্রেইনে সমস্যার শুরু থেকেই রাশিয়া উদ্যোগী হয়ে শান্তি স্থাপনে সবগুলো দলের সঙ্গে একটি বিস্তৃত এবং স্বচ্ছ আলোচনা প্রস্তাব দিয়ে আসছে।”

মিনস্ক চুক্তি রোববার থেকে কার্যকর শুর হলেও এখন ইউক্রেইনের পূর্বাঞ্চলে যুদ্ধ চলছে। বিশেষ করে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ শহর দিবালিৎসিভয়ে গত দু’ সপ্তাহে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে।

দিবালিৎসিভ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরটির চারপাশের এলাকা রাশিয়াপন্থি বিদ্রোহীদের দখলে।

বিদ্রোহীদের দাবি, বর্তমানে তারা দিবালিৎসিভের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ওদিকে, ইউক্রেইনের সরকারি বাহিনী শহরটি ছেড়ে চলে যেতে শুরু করেছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্ক রয়টার্সকে বলেন, রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া শুরু হলেও ভারী গোলাবর্ষণ ও রাস্তায় রাস্তায় প্রচণ্ড যুদ্ধের কারণে আমরা আমাদের ৮০ শতাংশের বেশি সেনাকে সেখান থেকে সরিয়ে নিয়েছি।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিবালিৎসিভয়ে অবস্থান করা ইউক্রেইনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন।