মিয়ানমারের কোকাং অঞ্চলে জরুরি অবস্থা
মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় শান রাজ্যের কোকাং অঞ্চলে সরকারি বাহিনী ও কোকাং নৃগোষ্ঠীর সশস্ত্র বাহিনীর মধ্যে সপ্তাজুড়ে সংঘর্ষ চলার পর ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার প্রেসিডেন্ট উ থিয়েন সেইন স্বাক্ষরিত সামরিক আইন জারির এই ঘোষণা মিয়ানমারের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হয়।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঘোষণায় বলা হয়, কোকাং অঞ্চলের সশস্ত্র সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এতে স্থানীয় সরকারি প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে।
ঘোষণার পরবর্তী ৯০ দিন পর্যন্ত জরুরি অবস্থা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
স্বায়ত্তশাসিত ওই এলাকাটিতে সামরিক আইনও জারি করেছে মিয়ানমার সরকার।
সামরিক শাসক হিসেবে প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ জেনারেল দেশটির সেনাপ্রধান মিং অং হলায়িং’কে নিয়োগ দেয়া হয়েছে। অঞ্চলটির প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা সেনাপ্রশাসনের হাতে তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে ওই অঞ্চলে সান্ধ্য আইন জারি করা ছিল। ওই অবস্থাতেই জরুরি অবস্থা ও সামরিক আইন জারি হল।
৯ ফেব্রুয়ারি থেকে কোকাং অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে ও মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনাবাহিনী’র (এমএনডিএএ) তীব্র লড়াই শুরু হয়। সপ্তাহজুড়ে লড়াই চলাকালে সরকারি বাহিনী এমএনডিএএ’র উপর পাঁচবার বিমান হামলা চালায়।
লড়াই চলাকালে সরকারি বাহিনী কোকং সেনাবাহিনীর ২৬ জন যোদ্ধার লাশ উদ্ধার করে। এছাড়া বেশকিছু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে।
এরআগে ৪৭ জন সরকারি সেনা নিহত ও ৭৩ জন আহত হয়েছিলেন।
