২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে অপরিশোধিত তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিস্ফোরিত হলে এতে আগুন ধরে যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 11:28 AM

Updated : 12 Oct 2022, 03:18 PM

সোমবার দুপুরে ঘটা এ দুর্ঘটনায় নিয়ন্ত্রণহীন আগুনের কারণে সংলগ্ন দুটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় ওয়েবসাইটগুলোতে প্রকাশিত ছবিতে একটি আংশিক জমাট বাঁধা নদীর পাশে বড় ধরনের আগুন ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে।

রাজ্য কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনটির অন্ততপক্ষে ১৪টি বগিতে আগুন ধরে গেছে এবং একটি বগি কানাওহা নদীতে ডুবে গেছে।

ট্রেনের একটি বগির নিচে একটি বাড়ি চাপা পড়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রেল কোম্পানি সিএসএক্স এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিদগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবৃতিতে আর কারো আহত হওয়ার কথা জানানো হয়নি।

স্থানীয় সময় দুপুর দেড়টায় ঘটা এ দুর্ঘটনার পর সংলগ্ন এডেনা ও বোমার শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলের সিকি মাইল দূর থেকে ড্যারেন ম্যাকগুফিন নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসি’কে জানিয়েছেন, বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

নদীর একপাশে আধ মাইল জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের জন নিরাপত্তা ও সামরিক বিষয়ক কর্মকর্তা লরেন্স মেসিনা জানিয়েছেন, যে বগিটি ডুবে গেছে তা থেকে তেল নদীতে চুঁইয়ে পড়ছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে মন্টেগোমারির নিকটবর্তী গ্রামীণ, কয়লা খনির ওই এলাকার উদ্দেশে রাজ্যের জরুরি বিভাগ ও পরিবেশ বিভাগের কর্মকর্তারা রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার ঘন্টাখানেক পর ‘ওয়েস্ট ভার্জিনিয়া আমেরিকান ওয়াটার’ কোম্পানি ঘটনাস্থলের তিন মাইল দূরে অবস্থিত তাদের একটি পানি শোধনাগার বন্ধ করে দিয়েছে। এই শোধনাগার থেকে ২,০০০ ক্রেতাকে পানি সরবরাহ করা হতো বলে জানিয়েছেন কোম্পানির মুখপাত্র লরা জর্ডান। পশ্চিম ভার্জিনিয়া একটি শীতলকালীন ঝড় মোকাবেলা করছে। ভারী তুষারপাতে কোথাও কোথাও পাঁচ ইঞ্চি তুষার জমে গেছে। তুষারের কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দুই ইঞ্জিনের ট্রেনটিতে ১০৯টি বগি ছিল। ট্রেনটি উত্তর ডাকোটা থেকে ভার্জিনিয়ার ইয়র্কটাউনে যাচ্ছিল।