ইউক্রেইনে সংঘর্ষে যুদ্ধবিরতি হুমকির মুখে
নতুন করে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও পূর্ব ইউক্রেইনে ব্যাপক লড়াই চলছে। জার্মানি ও ফ্রান্সের উদ্যোগে নতুন এ যুদ্ধবিরতি চুক্তি রোববার থেকে কার্যকর হয়।
ইউক্রেইন সঙ্কট সমাধানে গত সপ্তাহে বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেইন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের নেতারা মিলে আলোচনা করে যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হন।
রয়টার্স জানায়, সোমবার রেলওয়ে জংশন শহর দিবালিৎসিভয়ে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। গত কয়েক সপ্তাহ ধরে সরকার নিয়ন্ত্রিত এ শহর ঘিরে যুদ্ধ চলছে।
দিবালিৎসিভ থেকে ১০ কিলোমিটার দূরে ভুহলেহিরস্ক থেকে রয়টার্সের প্রতিনিধি জানান, “বলতে গেলে প্রতি ১০ সেকেন্ড পরপর সেখান থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছিল।”
দিবালিৎসিভ সরকারের নিয়ন্ত্রণে থাকলেও এর চারপাশের এলাকা বিদ্রোহীদের দখলে। রাশিয়াপন্থি বিদ্রোহীদের দাবি, ওই এলাকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়নি।
ওদিকে, কিয়েভের সেনাসূত্র জানায়, রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ওই দিন তাদের চার সেনা নিহত এবং ২১ সেনা আহত হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র আনাতোলি স্তেলমাখ বলেন, “অস্ত্রধারী অবৈধ বাহিনীগুলো যুদ্ধবিরতি চুক্তি মানছে না।”
“এমনি কি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর আগের তুলনায় দিবালিৎসিভয়ে এখন বিদ্রোহীদের হামলা অনেক বেড়েছে। তারা সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করছে।”
গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় ১১২ বার গোলা বর্ষণ করা হয়েছে। যেখানে সরকারি বাহিনী শুধু মাত্র হামলার শিকার হলেই তার জবাব দিয়েছে বলে দাবি স্তেলমাখের।
