মালিতে বিস্ফোরণে বাংলাদেশি ৪ শান্তিরক্ষী আহত
আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত চার বাংলাদেশি বিস্ফোরণে আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজন মেজর; তারা হলেন আশরাফ (এএমসি), শাহরিয়ার (সিগনাল কোর) ও তুশিত বড়ুয়া (আর্মাড কোর)। আহত অন্যজন শরিফুল পদাতিক সৈন্য।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সাড়ে ৬টায় মালির টাবানকোর্টে বাংলাদেশ পদাতিক ইউনিটের একটি দলের টহল কার্যক্রমের সময় বিস্ফোরণ হয়।
আহতরা মালির একটি ফরাসি হাসপাতালে চিকিৎসাধীন বলে আইএসপিআর জানিয়েছে।
বিশ্বের সংঘাতময় বিভিন্ন দেশে জাতিসংঘ মিশনে বাংলাদেশের ৯ হাজারের বেশি শান্তিরক্ষী কাজ করছেন। শান্তিরক্ষা কার্যক্রমে তাদের ভূমিকা প্রশংসিত।
