শপথ নিলেন কেজরিওয়াল
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শনিবার দুপুরে রামলীলা ময়দানে শপথ নিয়েছেন তিনি।
আরও ছয়জন মন্ত্রী তার সঙ্গে শপথ নিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগ করার ঠিক একবছরের মাথায় দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে আবারও ক্ষমতা গ্রহণ করলেন কেজরিওয়াল।
তার এই শপথ অনুষ্ঠানে প্রায় লাখ খানেক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
তবে এরআগে এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা কেউ-ই এতে সাড়া দেননি।
ভারতের স্থানীয় সময় দুপুর সোয়া ১২ টায় কেজরিওয়াল শপথ গ্রহণ করেন। তাকে শপথবাক্য পাঠ করান লেফট্যানান্ট গভর্নর নাজিব জং।
তার শপথ গ্রহণের পর উপ-মুখ্যমন্ত্রী হিসাবে মনিশ সিসোদিয়া এবং মন্ত্রী হিসাবে গোপাল রাই, জিতেন্দ্র টোমার, সত্যেন জৈন,, আসিম আহমেদ খান এবং সন্দীপ কুমার শপথ নেন।
দিল্লির রাজ্যসভার নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৪৬ বছর বয়সী সাবেক আয়কর কর্মকর্তা কেজরিওয়ালের আম আদমি পার্টি ৬৭টি আসনে জয়ী হয়।
কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন বিজেপি পায় মাত্র ৩টি আসন। আর ভারতের সবচে ঐতিহ্যবাহী দল কংগ্রেস কোন আসনই পায়নি।
২০১৩ সালের ডিসেম্বরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিলেন কেজরিওয়াল। কিন্তু ৪৯ দিনের মাথায় ২০১৪ সালের এই ১৪ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছিলেন।
