২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদুরোবিরোধী অভ্যুত্থান প্রচেষ্টার দায়ে অভিযুক্ত ১১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানবাহিনীর এক সাবেক জেনারেল ও অপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 03:11 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার ভেনেজুয়েলার কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

স্বয়ং প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন, ষড়যন্ত্রকারী ওই গোষ্ঠীটি প্রেসিডেন্ট প্রাসাদ ও অন্যান্য ভবনে আক্রমণের পরিকল্পনা করেছিল।

এই ষড়যন্ত্রের সঙ্গে সেনা, বিরোধীদলীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা জড়িত বলে জানিয়েছেন কংগ্রেস প্রধান দিয়োসদাদো ক্যাবেল্লো।

একবছর আগে ভেনেজুয়েলাজুড়ে প্রেসিডেন্ট মাদুরোবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ঠিক এক বছর পর তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তোলা হল।

ক্ষমতাচ্যুত করার নতুন ষড়যন্ত্র উদঘাটন করার কথা জানিয়ে মাদুরো বলেছেন, “গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে ক্যু’য়ের একটি উদ্যোগ উদঘাটন করেছি আমরা।”

এ ঘটনায় অবসরপ্রাপ্ত এক জেনারেলসহ ১১ জন সেনাকে অভিযুক্ত করা হয়েছে বলে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে জানিয়েছেন ক্যাবেল্লো।

ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজন রাজনীতিবিদসহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিবৃতি সস্প্রচারকালে তিনি অস্ত্রশস্ত্র ও জব্দ করা অন্যান্য সামগ্রীর ছবি দেখিয়েছেন।

অভ্যুত্থান পরিকল্পনার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন কংগ্রেস প্রধান।

তবে অভ্যুত্থানের প্রচেষ্টা বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতারা ও যুক্তরাষ্ট্র।