যুক্তরাজ্যে বন্দিদের ভোটাধিকার লঙ্ঘন
নির্বাচনে ভোট দিতে বাধা দিয়ে যুক্তরাজ্য করাবন্দিদের মানবাধিকার লঙ্ঘন করছে। ইউরোপের মানবাধিকার আদালত আবারো এ আদেশ দিয়েছে।
যুক্তরাজ্যে ২০০৯ ও ২০১১ সালের নির্বাচনের সময় কারাবন্দি ছিলেন এমন কয়েকজন কয়েদি ভোট দেয়ার অধিকারের বিষয়ে পুনরায় আদালতে নিয়ে আসেন।
আদালতের পক্ষ থেকে বলা হয়, কয়েদিদের ভোট দিতে না দেয়া মানবাধিকার বিষয়ে ইউরোপীয় কনভেনশনের আর্টিকেল ৩ এর লঙ্ঘন।
যুক্তরাজ্যে দোষীসাব্যস্ত হওয়া অপরাধীদের ভোট দেয়া পুরোপুরি নিষিদ্ধ। ইউরোপের মানবাধিকার আদালত এ নিয়ে চতুর্থবার কয়েদিদের ভোট দেয়ার পক্ষে রায় দিল।
আদালত যুক্তরাজ্যকে কয়েদিদের ভোট প্রদাণ সম্পর্কিত আইনে পরিবর্তন আনতে বলেছে। কিন্তু এখনো ওই আইনে পরিবর্তন আনা হয়নি।
বিভিন্ন সময় অনেকদিন ধরে প্রচলিত এ আইনে পরিবর্তন আনার উদ্যোগ নিয়ে বেশ বিতর্ক হয়েছে।
আদালতের এ আদেশে ‘বিস্মিত হওয়ার কিছু নেই’ বলে মনে করেন বিবিসি’র আইন বিষয়ক প্রতিনিধি ক্লিভ কলেম্যান। গত এক দশক ধরে মানবাধিকার আদালত এ ধরনের আদেশ দিয়ে যাচ্ছে।
বিষয়টি নিয়ে এখন এক ধরনের ‘অচলাবস্থা’ সৃষ্টি হয়েছে এবং পরবর্তী নির্বাচনের আগে এ বিষয়ে কোন অগ্রগতি হবে না বলেনও মনে করেন তিনি।
এ ব্যাপারে বিচার বিভাগের মুখপাত্র বলেন, “এটা পরিষ্কার যে যুক্তরাজ্যে কয়েদিদের ভোটদানের অধিকারের বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নেয়া উচিত বলে সরকার মনে করে।”
কয়েদিদের পক্ষের আইনজীবী সেন হুমবার আদালতের এ আদেশকে স্বাগত জানিয়ে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা খুব সম্ভবত খারাপ অবস্থানে রয়েছি। কারণ, সরকার আদালতের আদেশ অমান্য করে এক ধরনের বিকৃত আনন্দ নিচ্ছে। এর মাধ্যমে সরকার অব্যাহতভাবে নিজ দেশের কয়েক হাজার নাগরিকের মানবাধিকার লঙ্ঘন করছে।”
যুক্তরাজ্যে কয়েদিদের ভোট দিতে না দেয়ার আইনটি বাতিল করা বিষয়ে ২০০৫ সালে প্রথম রায় দেয় আদালত।
সেবার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জন হির্স্ট আদালতের শরণাপন্ন হন। ২৫ বছর কারাভোগের পর বর্তমানে ছাড়া পেয়েছেন হির্স্ট।
আদালতের নতুন আদেশ শুনে হির্স্ট বলেন, “আপনি কারাগারে আছেন শুধুমাত্র একারণে সুশীল সমাজে আপনি আপনার অবস্থান হারাতে পারেন না। কারাগারে থাকলেও আপনি জনগণের অন্তর্ভূক্ত এবং সমাজের অংশ। কয়েদিদে যে শাস্তি দেয়া হয়েছে তার সঙ্গে তার ভোট দেয়ার অধিকারের কোন সম্পর্কই নেই।”
