যুক্তরাষ্ট্রে পিতার গুলিবর্ষণে দুই সন্তানসহ মা নিহত
যুক্তরাষ্ট্রে এক পিতার গুলিতে তার সাবেক স্ত্রী, স্ত্রী’র বয়ফ্রেন্ড এবং দুই সন্তান নিহত হয়েছেন। এছাড়া অপর দুই সন্তান আহত হয়েছেন।
পরে বন্দুকধারী সেড্রিক প্রাথার (৩৩) নিজেও আত্মহত্যা করেছেন।
শনিবার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহর থেকে ৩২ কিমি পশ্চিমে ডগলাসভিলের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডগলাস কাউন্টির করোনের র্যা ন্ডি ড্যানিয়েল জানিয়েছেন, গুলিবর্ষণকারী রাস্তা দিয়ে দৌঁড়ে পালাতে থাকা নিজের ছোট কন্যার পিছু নিয়ে তাকে গুলি করে হত্যা করেন।
“শিশুটি তার নিজেরই কন্যা ছিল। এটি ভয়ঙ্কর,” বলেন তিনি।
নিহতদের সবার মাথায় গুলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হতাহত চার সন্তানের বয়স সাত থেকে ১৫ বছরের মধ্যে, জানিয়েছে কর্তৃপক্ষ।
সাবেক স্ত্রী’র বাসার ভিতরে নিহত অন্যান্যদের লাশের পাশে গুলিবর্ষণকারীর লাশও পাওয়া যায় বলে জানিয়েছেন ড্যানিয়েল।
নিহত দুই সন্তানের বয়স যথাক্রমে সাত ও নয় বছর বলে জানিয়েছে স্থানীয় শেরিফ দপ্তর।
আহত দুই সন্তানের বয়স যথাক্রমে আট ও ১৫ বছর। তাদের শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে বলে আটলান্টা এরিয়া হাসপাতাল ও পুলিশ জানিয়েছে। তাদের লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ড্যানিয়েল।
