জাপানে আবের জনপ্রিয়তা বেড়েছে
জিম্মি সঙ্কটকালে স্থিতিশীল ভূমিকা পালন করায জাপানের জনগণের কাছে প্রধানমন্ত্রী শিনজো আবের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পেয়েছে।
এ সপ্তাহে প্রকাশিত মতামত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জাপানের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ইওমিইউরি এ জরিপ চালায়।
জরিপে আবে সরকারের জনপ্রিয়তা ৫৩ শতাংশ থেকে বড়ে ৫৮ শতাংশ হয়েছে। পত্রিকার পক্ষ থেকে শুক্রবার ও শনিবার ১,০৫৪ জনকে ফোন করে তাদের মতামত নেয়া হয়।
সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি জাপানের দুই নাগরিক হারুনা ইইউকাওয়া ও কেনজি গোতোর মুক্তির বিনিময়ে শুরুতে জঙ্গি দলটি মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল। যদিও পরে তারা ওই দাবি থেকে সরে আসে এবং জর্ডানে বন্দি ইরাকের একজন নারী জঙ্গির মুক্তি চায়।
সংবাদ সংস্থা কিয়োদো পরিচালিত অন্য একটি জরিপেও আবের জনপ্রিয়তা বাড়ার প্রমাণ পাওয়া গেছে। জরিপে অংশ নেয়া ৬০ শতাংশ মানুষ মনে করেন জিম্মি সংকটের সময় আবে সরকার যেভাবে সাড়া দিয়েছে তা সঠিক ছিল।
জিম্মিদের হত্যার পর আবে ঘোষণা দেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরো বেশি মানবিক সাহায্য পাঠাবে জাপান সরকার। সেইসঙ্গে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।
আবের এই ঘোষণার সঙ্গেও একমত প্রকাশ করেছেন জাপানের বেশিরভাগ নাগরিক।
সম্প্রতি জাপানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ এবং দেশটির টালমাটাল অর্থনীতির কারণে আবের জনপ্রিয়তা নিম্নমুখী ছিল।
