সিরিয়াগামী এক জাপানি সাংবাদিকের পাসপোর্ট জব্দ
এই প্রথম জাপান সরকার এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করল।
সিরিয়া যাওয়ার পরিকল্পনাকারী জাপানি একজন সাংবাদিকের পাসপোর্ট জব্দ করেছে দেশটির সরকার।
কর্তৃপক্ষ জানায়, ইউইচি সুজিমোতোর জীবন রক্ষার জন্যই তার পাসপোর্ট জব্দ করার প্রয়োজন ছিল।
এই প্রথম জাপান সরকার এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করল।
৫৯ বছর বয়সী সুজিমোতো একজন চিত্রগাহক। তিনি ২৭ ফেব্রুয়ারি সিরিয়ার প্রবেশ করার পরিকল্পনা করেছিলেন।
পাসপোর্ট জব্দ করা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন সুজিমোতো। “আমার ভ্রমণের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার কি হবে?”
এছাড়া, সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার কোন পরিকল্পনা তার ছিলনা বলেও সাংবাদিকদের জানান এই চিত্রগ্রাহক।
জানুয়ারিতে সিরিয়ার আইএস জঙ্গিরা জাপানের দুই নাগরিক হারুনা ইইউকাওয়া ও কেনজি গোতোকে হত্যা করে। কেনজি গোতো সাংবাদিক ছিলেন।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশের পাসপোর্ট আইন অনুযায়ী সুজিমোতোর পাসপোর্ট জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী পাসপোর্টধারীর জীবন রক্ষার খাতিরে যেকোন সময়ে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করার অধিকার কর্তৃপক্ষের রয়েছে।
এর আগে ইরাক ও সিরিয়া যুদ্ধক্ষেত্রে কাজ করেছেন সুজিমোতো। এই চিত্রগ্রাহকের দাবি
ঝুঁকি এড়াতে তিনি সব সময় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন এবং বিপদে পড়লে সেখান থেকে পিছিয়ে আসেন।
নিজের পরিকল্পনা সম্পর্কে সুজিমোতো বলেন, একজন সাবেক সেনা সদস্যের সঙ্গী হয়ে সিরিয়ার প্রবেশের আগে তিনি তুরস্ক যেতে চেয়েছিলেন। ওই ব্যক্তি কেনজি গোতোর জিম্মি থাকা অবস্থায় তাকে ছাড়িয়ে আনার জন্য কাজ করেছেন।
