২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে মৌলবাদের বিস্তার ‘উদ্বেগজনক’: চার্লস

তরুণদের মধ্যে যেভাবে মৌলবাদ ছড়িয়ে পড়ছে সেটা ‘গভীর উদ্বেগজনক’ এবং এ বিষয়ে এখনই ‘সতর্ক’ হতে হবে বলে মনে করছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

রেডিও টু’র সানডে আওয়ার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এ উদ্বেগ প্রকাশ করেন চার্লস।

তিনি বলেন, “অবশ্যই এটা খুবই উদ্বেগের বিষয়। আমার মনে হয় বর্তমানে যা পরিস্থিতি তাতে এখনই সতর্ক হতে হবে।”

“বিশেষ করে আমাদের মতো দেশ যাদের নিজস্ব মূল্যবোধ রয়েছে। আপনি ভাবছেন যারা এখানে আসে, এখানে জন্মে, এখানে স্কুলে যায় তারা নিজেদের মধ্যে ওই মূল্যবোধ ধারণ করে এবং তা পালন করে।”

“কিন্তু ভীতিকর ব্যাপার হচ্ছে, লোকজন ইন্টারনেট বা অন্য কারো সংস্পর্শে এসে খুবই মৌলবাদী হয়ে পড়ছে।”

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খ্রিস্টান চার্চগুলোর বেহাল দশা নিয়েও চিন্তিত প্রিন্স চার্লস। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ‘সেতু বন্ধন’ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে ছয় দিনের সফরের অংশ হিসেবে বর্তমানে জর্ডানে রয়েছেন চার্লস। শনিবার রাতে তিনি রাজধানী আম্মানে পৌঁছান। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে দেখা করবেন তিনি।