কেনিয়ার সংসদ সদস্যকে গুলি করে হত্যা
কেনিয়ার একজন সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তিকে চাপে ফেরতে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, শনিবার সকালে রাজধানী নাইরোবিতে এ ঘটনা ঘটে। ওই সংসদ সদস্য ছাড়াও তার দুইজন দেহরক্ষী ও গাড়ি চালককেও হত্যা করা হয়েছে।
ইসলামপন্থি জঙ্গিদের ক্রমাগত হামলায় পূর্ব আফ্রিকার দেশটির অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে এসেছে।
নাইরোবির কেন্দ্রীয় পুলিশ প্রধান পল ওয়ানজামা রয়টার্সকে বলেন, “কাবেতের সংসদ সদস্য জর্জ মুচাই নাইরোবি থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় সময় ভোর সোয়া তিনটার দিকে মুচাই, তার দুইজন দেহরক্ষী ও গাড়িচালককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদেরকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।”
পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
এক বিবৃতিতে শোকাহত কেনিয়াত্তি বলেন, “আমি আশা করছি পুলিশ তাদের সমস্ত শক্তি একত্রিত করে যত দ্রুত সম্ভব এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরবে এবং শাস্তি দেবে।”
