বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ৩৪
ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। বাগদাদে দীর্ঘদিন ধরে চলা কারফিউ তুলে নেয়ার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল।
পুলিশ জানায়, শনিবারের ওই হামলাগুলোয় আরো অন্তত ৫০ জন আহত হয়েছে।
প্রায় এক দশক ধরে বাগদাদে রাতের বেলা কারফিউ জারি থাকে। বৃহস্পতিবার ইরাক সরকার ঘোষণা দেয়, শনিবার মধ্যরাত থেকে এই কারফিউ তুলে নেয়া হবে এবং আশেপাশের চারটি এলাকা থেকে ‘সেনাবাহিনী তুলে নেয়া হবে’।
নাগরিকদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়ার অংশ হিসেবে ইরাক সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম হামলাটি হয় শিয়া অধ্যুষিত নিউ বাগদাদের একটি রেঁস্তোয়ায়। আত্মঘাতী ওই বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে।
দ্বিতীয় হামলাটি হয় শারকা বাজার এলাকায়। সেখানে দুইটি বোমা বিস্ফরণে ১০ জন প্রাণ হারায়।
তৃতীয় হামলাটি হয় রাজধানীর দুরা এলাকার আবু শেইরে। সেখানে বোমার আঘাতে দুই জন নিহত হন।
