বায়ুর মান বজায় রাখতে ব্যর্থ হচ্ছে চীনা শহরগুলো
চীনের বড় ৭৪টি শহরের মধ্যে মাত্র আটটি ২০১৪ সালে সরকারের বেঁধে দেয়া বায়ুর প্রাথমিক মান অর্জন করতে সক্ষম হয়েছে।
বুধবার চীনা পরিবেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার চীনা শহরগুলো রাজধানী বেইজিং সংলগ্ন হেবেই প্রদেশে অবস্থিত।
রাজধানী বেইজিং ও দেশটির সবচেয়ে বড় শহর সাংহাইও প্রাথমিক মান অর্জনে ব্যর্থ হয়েছে। দুটি শহরই দেশটির বড় ধরনের বায়ুদূষণের শিকার শহরগুলোর মধ্যে আছে।
বায়ুদূষণ থেকে মুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে চীন। কিন্তু জ্বালানির প্রয়োজনে জীবাশ্ম জ্বালানি কয়লার উপর নির্ভরশীলতার কারণে বিষয়টি সহজ হচ্ছে না।
২০১৪ সালে হেবেইতে ৮ হাজারের বেশি কয়লানির্ভর কারখানা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
