২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে গত ২৪ ঘন্টায় আরো ৫ সেনা নিহত

ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ সেনা নিহত এবং ২৭ জন আহত হয়েছে। কিয়েভের সামরিক মুখপাত্র আন্দ্রি লাইশেঙ্কো মঙ্গলবার একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

দেবালিৎসিভ শহরের কাছে সবচেয়ে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে ইউক্রেইনের সেনাবাহিনী। তবে প্রচণ্ড লড়াইয়ের মধ্যেও শহরটির নিয়ন্ত্রণ এখনো সরকারি বাহিনীর হাতেই আছে বলে জানিয়েছেন লাইশেঙ্কো।

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর পূর্ব ইউক্রেইনে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। পূর্ব ইউক্রেইন থেকে কিয়েভ সামরিক বাহিনী জানিয়েছে, সরকার বাহিনীর অবস্থানগুলোতে হামালায় কোনো বিরতি দেয়নি বিদ্রোহীরা।

ইউক্রেইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত রোববার দেবালিৎসিভ শহরে বিদ্রোহীদের গোলাবর্ষণে সাত বেসামরিক নিহত হয়, অপরদিকে বিদ্রোহীদের লুহানস্ক প্রশাসন জানায়, রাতে গোলাবর্ষণে তিন বেসামরিক নিহত হয়েছে।

সহিংস লড়াইয়ের চাপে ওই এলাকার বাসিন্দারা শহরগুলো ছেড়ে পালিয়ে যাচ্ছে। অনেকে বোমা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদের তৈরি আশ্রয়স্থলে গিয়ে অবস্থান নিয়েছে।