২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ভারতের পরমাণু চুক্তি

সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Jan 2015, 12:36 PM

Updated : 12 Oct 2022, 03:13 PM

রোববার স্বাক্ষরিত এ চুক্তির ফলে প্রতিরক্ষা খাতে দুদেশের বন্ধন আরো গভীরতর হল।

এই চুক্তির পথ ধরে ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব একটি দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে সামনে এগিয়ে যাবে বলে আশা করছেন দুই বিশ্বনেতা।

২০০৬ সালে প্রথমবারের মতো ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু দুটি বিষয়ে মতপার্থক্যের কারণে চুক্তি স্বাক্ষর ঝুলে ছিল।

পারমাণবিক দুর্ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব ও ভারতে কী ধরনের পারমাণবিক পণ্য রপ্তানি করা হচ্ছে তার উপর যুক্তরাষ্ট্রের নজরদারির দাবির বিষয়ে ভারতের আপত্তি, এই দুটি বিষয়ে নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার কোটি ডলারের চুক্তিটি আটকে ছিল। দ্বিতীয় বিষয়টি ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক বিকাশে অন্যতম বাধা হয়ে ছিল। “চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যেতে আমার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি, গুরুত্বপূর্ণ এ পদক্ষেপের মাধ্যমে তা দেখানো হল,” চুক্তি ঘোষণার যৌথ সংবাদ সম্মেলনে বলেন ওবামা। এ সময় মোদী তার পাশে ছিলেন। নতুন চুক্তিতে সব বাধা দূর হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। “দুই সরকারের মধ্যে সমঝোতা হওয়ায় এখন এগিয়ে যাওয়ার বিষয়টি কোম্পানিগুলোর উপর নির্ভর করছে,” বলেছেন তিনি। উষ্ণতার স্মারক হিসেবে ও মিত্রতা আরো উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় বহিঃপ্রকাশ হিসেবে প্রটোকল ভেঙে বিমান থেকে নামার পর ওবামাকে জড়িয়ে ধরে স্বাগত জানান মোদী, কথা বলার সময় বারাক নাম ব্যবহার করেন। মাত্র এক বছর আগেও মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটনের কাছে নেতিবাচক ভাবমূর্তি ছিল নরেন্দ্র মোদীর। চুক্তি স্বাক্ষরের আগে মোদীর সরকারি বাসভবন হায়দ্রাবাদ হাউসে দুনেতা বাগানে পায়চারি করে কথা বলেন ও এক সঙ্গে দুপুরের খাবার খান। খাবারে কাবারের সঙ্গে ছিল পদ্মফুলের ডাটা, ডুমুর ও সুগন্ধি মসলার পদ। এরপরই দুনেতা আনুষ্ঠানিক বৈঠক শুরু করেন। রাতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আয়োজিত ভোজসভায় যোগ দেন ওবামা।