সন্ত্রাসবাদ মোকাবেলায় আরো সম্পদ বিনিয়োগ করুন: কেরি
বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় দেশগুলোকে আরো বেশি সম্পদ বিনিয়োগ করার তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
শুক্রবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বক্তৃতায় এ তাগিদ দিয়েছেন তিনি।
তবে সন্ত্রাসবাদ মোকাবেলার উদ্যোগ যেন ইসলামভীতিতে পর্যবসিত না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেছেন তিনি। এ ধরনের সাম্প্রদায়িক বিভক্তি সন্ত্রাসবাদ মোকাবেলার উদ্যোগ ব্যর্থ করে দেবে বলে সতর্ক করেছেন।
পাকিস্তান, নাইজেরিয়া, ফ্রান্স ও অন্যান্য জায়গায় ইসলামি জঙ্গিদের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার উল্লেখ করে কেরি বলেন, “এ ধরনের কার্যকলাপ কখনোই ক্ষমা করা যায় না। তাদের প্রতিরোধ করতেই হবে। আমাদের অস্তিত্বের সব শক্তি দিয়ে তাদের থামাতে হবে।”
“আমাদের ঝুঁকি নিতে হবে, আমাদের আরো সম্পদ বিনিয়োগ করতে হবে,” বলেন তিনি।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ অর্থ পাচার ও মানব পাচার রোধ করার মাধ্যমে সন্ত্রাবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য বিশ্বের ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।
ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নেয়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট’কে (আইএস) “দানবদের জোট” বলে বর্ণনা করেছেন কেরি।
আইএস ও বোকো হারামের মতো উগ্রপন্থি জঙ্গি গোষ্ঠীগুলি “প্রথমবারের মতো ভূমি অধিকার করে শাসন করার উদ্যোগ নিয়েছে” বলেও সতর্ক করেছেন।
চলমান সন্ত্রাববিরোধী লড়াইকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন, “সন্ত্রাসের মুখে সভ্য দুনিয়া ভয়ে যেন গুটিয়ে না যায়, প্রথমেই এটি নিশ্চিত করা দরকার।”
কেরি সতর্ক করে বলেন, “মুসলিমরা একা করেনি এমনসব অপরাধের দায় মিলিতভাবে মুসলিমদের উপর চাপিয়ে দিলে সবচেয়ে বড় ভুল করা হবে।”
“এখানে সাম্প্রদায়িক বিভক্তির কোনো সুযোগ নেই, এখানে সেমেটিক বিরোধী বা ইসলাম বিরোধী কোনো কিছুর সুযোগ নেই,” বলেন তিনি।
সহিংস জঙ্গিপনার এই স্রোতকে কীভাবে মোকাবেলা করা যায় তার সুনির্দিষ্ট কোনো নতুন প্রস্তাব উত্থাপন করেননি কেরি। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ১৮ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মিত্র দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন।
