২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাপাকসের হেফাজতে ‘জমা না দেয়া’ রাষ্ট্রীয় গাড়িবহর

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের জমা না দেয়া রাষ্ট্রীয় গাড়িবহরের ৫৩টি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 12:37 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শুক্রবার বিবিসি জানিয়েছে, বিলাসবহুল এসব গাড়ির মধ্যে কয়েকটি বুলেটপ্রুফ লিমুজিনও রয়েছে।

জব্দ করা এসব গাড়ি নিখোঁজ ১২৮টি রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ির একটি অংশ বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের মুখপাত্র অজিত রোহানা জানিয়েছেন, প্রেসিডেন্ট সচিবালয়ের আওতাধীন এসব গাড়ি রাজধানী কলম্বোর একটি দেয়াল ঘেরা জায়গায় পাওয়া যায়।

তিনি বলেন, “গাড়িগুলো এই জায়গায় কীভাবে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এসব গাড়ির মধ্যে ২০০৬ সালে কলম্বোয় এক মাইন হামলায় বিধ্বস্ত একটি আর্মার-প্লেটেড বিএমডব্লিউ গাড়িও রয়েছে। হামলার সময় গাড়িটিতে রাজাপাকসের ছোট ভাই ওই সময়কার প্রতিরক্ষামন্ত্রী গোটাভায়া রাজাপাকসে ছিলেন। হামলা সত্বেও কোনো আঘাত ছাড়াই রক্ষা পেয়েছিলেন তিনি।

৮ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের অপ্রত্যাশিত পরাজয় প্রেসিডেন্ট হিসেবে তার এক দশকের ক্ষমতার অবসান ঘটায়।

বৃহস্পতিবার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সরকার ঘোষণা করে, সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে ও তার ভাইদের করা সব ধরনের অর্থনৈতিক লেনদেন তদন্ত করে দেখবে সরকার।

এর একদিন পরই রাষ্ট্রীয় গাড়িবহরের এসব গাড়ি খুঁজে পাওয়া যায়।