২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় নিউ ইয়র্ক পার্লামেন্টের স্পিকার গ্রেপ্তার

৬০ লাখ ডলার ঘুষ গ্রহণের মামলায় নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের স্পিকার শেলডন সিলভারকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 10:46 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

তার বিরুদ্ধে উত্থাপিত ৩৬ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের কাছে তিনি ৩০ লাখ ডলার গ্রহণ করেছেন।

শুধু তাই নয়, অঙ্গরাজ্যে ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে ঐ প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে অর্থ দিতে হয় স্পিকারকে। ২০ বছরের বেশি সময় যাবত তিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন। চলতি টার্মের জন্যে গত মাসেই স্টেট এসেম্বলি এই ডেমক্র্যাটকে স্পিকার নির্বাচিত করে। ১৯৭৪ সাল থেকে তিনি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটান থেকে স্টেট এ্যাসেম্বলি হিসেবে নির্বাচিত হচ্ছেন।

ইউএস এটর্নি প্রিত ভ্যারারা সাংবাদিকদের জানান, এফবিআই এর দীর্ঘ তদন্তে স্পিকারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হল। তার বিরুদ্ধে ৫টি অভিযোগ রয়েছে। নিউ ইয়র্কের অত্যন্ত ক্ষমতাশালী ডেমক্র্যাট শেলডন সিলভারের গ্রেফতারের সংবাদটি সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।