ভারতে বাঘ বেড়েছে ৩০ শতাংশ
ভারতে ৪ বছর আগের তুলনায় এখন বাঘের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ বেশি। বাঘ শুমারি অনুযায়ী, ২০১১ সাল থেকে ভারতে বাঘের সংখ্যা অন্তত ৩০ শতাংশ বেড়েছে।
নতুন বাঘ শুমারির প্রতিবেদন প্রকাশ করে ভারতের পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেছেন, ভারতে ২০১৪ সালে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ২,২২৬টিতে। ২০১১ সালে এ সংখ্যা ছিল ১,৭০৬ টি।
এ হিসাবে সারাবিশ্বের মোট বাঘের প্রায় ৭০ শতাংশই এখন ভারতে। বিশ্বে বাঘের সংখ্যা কমতে থাকার মধ্যে ভারতে তা বাড়তে থাকাকে ‘দারুণ খবর’ বলে মন্তব্য করেছেন জাভাদেকার।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে। সেখানে ৪০৮টি দেড় বছর বা এর চেয়ে বেশি বয়সী বাঘ রয়েছে।
এছাড়া, উত্তরাখণ্ডে ৩৪০, মধ্যপ্রদেশে ৩০৮, তামিলনাড়ুতে ২২৯, মহারাষ্ট্রে ১৯০, আসামে ১৬৭, কেরালায় ১৩৬ এবং উত্তর প্রদেশে ১১৭টি বাঘ রয়েছে।
