একজোট হয়ে সন্ত্রাস রুখে দেয়ার আহ্বান ইইউ’র
সন্ত্রাস রুখতে মুসলিম দেশগুলোসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব দেশকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি ।
ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সোমবার এ আহ্বান জানান তিনি।
ইউরোপের দেশগুলোতে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার মুখে সন্ত্রাসী হামলার হুমকি নিয়ে আলোচনার জন্য ইইউ’র ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠক করছেন। আরব লীগের মহাসচিব নাবিল আল-আরাবিও এতে যোগ দিয়েছেন।
ফেডেরিকা মঘেরিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাষ্ট্রকে আরো বেশি সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। এই রাষ্ট্রগুলোর মধ্যে মুসলিম রাষ্ট্রও রয়েছে। অন্তত যে সব মুসলিম রাষ্ট্র ইইউ’র অন্তর্ভূক্ত সেগুলোকে।
মঘেরিনির সঙ্গে একমত প্রকাশ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, “বিশ্বে মুসলিম দেশগুলোকেই জঙ্গিবাদের সবচেয়ে বড় শিকার হতে হয়েছে। এমনকি এখনো মুসলিম দেশগুলোতেই সন্ত্রাসী হামলার হুমকি সবচেয়ে বেশি।”
“আমাদের তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যাতে আমরা তাদের এবং ইইউ’র দেশগুলোকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে পারি।”
প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহতের ঘটনা ছাড়াও বেলজিয়ামে জঙ্গি হামলা পরিকল্পনা নস্যাতের পর সন্ত্রাসের হুমকির ব্যাপারে অত্যন্ত সতর্কবস্থায় রয়েছে ইউরোপ।
বেলজিয়ামে সন্ত্রাস-বিরোধী অভিযানের পাশাপাশি ফ্রান্স এবং জার্মানিতেও তল্লাশি অভিযানে ২০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার হওয়ার পর ব্রাসেলসে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শুরু হওয়ার আগে মঘেরিনি বলেছিলেন, “প্যারিসে যে জঙ্গি হামলা হয়েছে সেটাই একমাত্র সন্ত্রাসী হামলার ঘটনা নয়। বরং বিশ্বের বিভিন্ন অঞ্চল এ ধরনের হামলার হুমকির মধ্যে রয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনাগুলো মুসলিম দেশগুলো থেকে শুরু হয়েছে।”
“আমাদের একজোট হয়ে নিজেদের আরো শক্তিশালী করতে হবে এবং পরষ্পরকে আরো সহযোগিতা করতে হবে। প্রথমেই আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়তে হবে এবং এরপর পুরো বিশ্বের সঙ্গে।”
“আমাদের আরো বেশি তথ্য বিনিময় করতে হবে এবং আরো বেশি সহযোগী হতে হবে,” বলেন মঘেরিনি।
ইরাক এবং সিরিয়ায় লড়াই করে দেশে ফিরে আসা ইউরোপীয় উগ্রপন্থিদের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের।
হ্যামন্ড বলেন, “ইউরোপকে সন্ত্রাসী হামলার হুমকি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সবকিছু করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
সন্ত্রাসের হুমকি নিয়ে আলোচনা ছাড়াও বৈঠকে রাশিয়ার সঙ্গে ইইউ এর সম্পর্কের বিষয়টি প্রাধান্য পাবে। ইউক্রেইনে রাশিয়ার তৎপরতা সামাল দেয়ার বিষয়টি নিয়ে ইইউ দেশগুলোর সরকারের মধ্যকার গভীর মতবিরোধ দূর করার চেষ্টা চালাবেন মন্ত্রীরা।
