ক্যামেরুনে ৮০ জনকে অপহরণ করেছে বোকো হারাম
নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর যোদ্ধারা প্রতিবেশী দেশ ক্যামেরুনে প্রায় ৮০ জনকে অপহরণ করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তারা।
অপহৃতদের বেশির ভাগই শিশু। অপহরণ করা ছাড়াও উত্তর ক্যামেরুনে সীমান্ত পারের কায়েকটি গ্রামে হামলা চালিয়ে রোববার তিনজনকে হত্যাও করেছে বোকো হারাম জঙ্গিরা।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে আসা বোকো হারাম গত বছর থেকে তাদের অভিযানের ক্ষেত্র সম্প্রসারণের চেষ্টায় ক্যামেরুন এবং নাইজারকেও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
রোববারের অপহরণের ঘটনাটি ক্যামেরুনের মাটিতে বোকো হারামের সবচেয়ে বড় অপহরণ অভিযান। প্রতিবেশী চাদ ক্যামেরুন সরকারের সমর্থনে সীমান্তে সেনা মোতায়েন করায় সেখানে এ তৎপরতা চালাল বোকো হারাম।
ক্যামেরুনের উত্তরাঞ্চল থেকে এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন, “প্রাথমিক খবর অনুযায়ী প্রায় ৩০ জন প্রাপ্তবয়স্ক এবং ৫০ জন অল্পবয়সী ছেলে-মেয়ে (যাদের বয়স ১০ থেকে ১৫ বছর) অপহৃত হয়েছে।”
সকালের দিকে মাবাস গ্রামসহ অন্যান্য গ্রামে জঙ্গিরা হামলা শুরু করে। তাদের সঙ্গে সেনাদের প্রায় ২ ঘন্টা গুলিবিনিময়ও হয় বলে জানান তিনি।
ক্যামেরুন সরকারের একজন মুখপাত্র এ হামলার নিশ্চিত করে জানিয়েছেন এতে তিনজন নিহত হয়েছে। অপহরণের খবরও জানান তিনি। তবে কতজন অপহৃত হয়েছে তা তিনি সঠিকভাবে বলতে পারেননি।
