২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র তহবিল বন্ধে ইসরায়েলের তদ্বির

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তহবিল সহায়তা বন্ধ করে দেয়ার জন্য এর সদস্য দেশগুলোকে অনুরোধ করছে ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 08:50 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া আপত্তি সত্ত্বেও ফিলিস্তিন অঞ্চলে যুদ্ধাপরাধ নিয়ে নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করার ঘোষণা দিয়েছে আইসিসি।

শুক্রবারের ওই ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েল আইসিসি’র তহবিল বন্ধ করার জন্য তদবির শুরু করেছে।

আইসিসি’র মোট সদস্য সংখ্যা ১২৩। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আইসিসি’র সদস্য নয়। ফিলিস্তিনও আইসিসি’র সদস্য নয়। তবে সম্প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইসিসি’র সদস্য হওয়ার আবেদন জানান।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নিশ্চিত করে বলেছেন, ১ এপ্রিল থেকে ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে আইসিসি’র সদস্যপদ লাভ করবে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান রোববার স্থানীয় বেতারে বলেন, “আমরা আমাদের কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানির বন্ধুদের কাছে আইসিসি’র জন্য তহবিল পাঠানো বন্ধ করে দেয়ার দাবি জানাব।”

“আইসিসি’র কারো প্রতিনিধিত্ব করে না। এটি সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।”

রোববার পশ্চিম তীরের রামাল্লাহ শহরে কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বার্ডের সঙ্গে বৈঠকে বসবেন লিবারম্যান। বৈঠকে আইসিসি’র তহবিল বন্ধের বিষয়টি তুলবেন বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েলের আরেকজন কর্মকর্তা রয়টার্সকে জানান, একই ধরনের অনুরোধ জার্মানিকেও করা হয়ছে।

আইসিসি’র শক্তিশালী সদস্যদের মধ্যে একজন জার্মানি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের কাছেও একই অনুরোধ জানানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। আইসিসি’র সবচেয়ে বেশি অর্থ সাহায্য আসে জাপান থেকে।