প্যারিসে হামলার ঘটনায় ১২ জন আটক
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত সপ্তাহে হামলাকারী জঙ্গিদের সহায়তা করার সন্দেহে প্রায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
আটকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হামলাকারীদেরকে অস্ত্র বা যানের মতো কোনোকিছু দিয়ে সহায়তা করেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফ্রান্স সফরকে সামনে রেখে ৫ টি শহরে এ আটকাভিযান চালানো হয়।
প্যারিসের কৌঁসুলির কার্যালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানান, রাজধানীর দক্ষিণাঞ্চলে এ অভিযান চলেছে। এ এলাকাতেই নিহত জঙ্গি আহমেদ কুলিবালি একজন নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছিলেন।
বেলজিয়ামের পুলিশ জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর ফ্রান্সের অভিযানের খবর প্রকাশ পেল। ইসলামপন্থি একটি দলের সদস্যদের খোঁজে পুলিশ বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়।
অভিযান চলাকালে নিহত দুই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে বলে দাবি পুলিশের।
ওদিকে, জার্মানির পুলিশ জানায়, জঙ্গি সংগঠন সালাফি’র সদস্য সন্দেহে তারা দুই ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার দিনের প্রথমভাগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লুহাঁ ফ্যাবিউসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরপর তিনি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে দেখা করেন।
ওঁলাদকে কেরি বলেন, “আমার বিশ্বাস আপনি জানেন আমেরিকার জনগণের আপনাদের প্রতি পূর্ণ সমবেদনা রয়েছে। আমি জানি, আপনি জানেন আপনাদের যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তার দুঃখ এবং ব্যাথা আমরাও অনুভব করেছি।”
“আমাদের একসঙ্গে এর সঠিক প্রতিকারের উপায় খুঁজে বের করতে হবে। একজন বন্ধু হিসাবে এ কারণেই আজ আমি এখানে এসেছি।”
৭ জানুয়ারি বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর প্যারিস কার্যালয়ে হামলা এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তী দুই দিনের জঙ্গি হামলায় প্যারিসে ১৭ জন প্রাণ হারায়। পুলিশের গুলিতে তিন জঙ্গির সবাই নিহত হয়।
প্যারিসে হামলার ঘটনার পর ফ্রান্স জুড়ে মৌন প্রতিবাদ মিছিলে বিশ্বের অনেক দেশের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নিয়েছিলেন। যদিও ওই সময় যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কোন নেতা ওই মিছিলে ছিলেন না।
ফ্রান্স সফরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বৃহস্পতিবার কেরি বলেছিলেন, তিনি প্যারিসের বাসিন্দাদের ‘বিগ হাগ’ দেয়ার জন্য ফ্রান্সে যাচ্ছেন।
