২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব ধর্মকে রক্ষার অঙ্গীকার ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ দেশের সব ধর্মকে রক্ষা করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, উগ্রপন্থার শিকার সবচেয়ে বেশি হচ্ছে মুসলিমরাই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

‘আরব ওয়ার্ল্ড ইন্সটিটিউট’য়ে এক বক্তব্যে ওঁলাদ প্যারিসে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশের জন্য আরব দেশগুলোকে ধন্যবাদ জানান এবং ইসলাম গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেন।

গত ৭ জানুয়ারিতে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর অফিসে হামলার ঘটনাসহ প্যারিসে তিনদিনের প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। ফ্রান্সে এখনো হামলায় নিহতদের কয়েকজনের শেষকৃত্য চলছে।

এরই মধ্যে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট ওঁলাদ বলেছেন, “সন্ত্রাসের মুখে ফ্রান্স ঐক্যবদ্ধ হয়েছে। অন্য সব ফরাসিদের মত ফ্রান্সের মুসলিমদেরও একই অধিকার আছে। তাদেরকে রক্ষা করা আমাদের কর্তব্য।”

মুসলিম-বিরোধী তৎপরতার নিন্দা জানিয়ে এর শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্যারিসে হামলার ঘটনার পর দেশের নিরাপত্তা বাড়াতে এরই মধ্যে হাজার হাজার সেনা-পুলিশ মোতায়েন করেছেন ওঁলাদ।

ওদিকে, হামলার ঘটনার পরও শার্লি এবদু তাদের নতুন সংখ্যায় মহানবী (সাঃ) এর কার্টন ছাপানোয় বিষয়টি নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। আরব বিশ্বের কয়েকটি দেশ এ পদক্ষেপকে ‘প্রকাশ্য উস্কানি’ বলে মন্তব্য করেছে।