২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ার স্কুলে হামলায় জড়িত ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

ডিসেম্বরে পাকিস্তানের পেশোয়ার শহরে সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলায় জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আফগানিস্তানের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 02:16 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

আফগান সরকারের কাছে পাকিস্তানের পাঠানো তথ্যের সূত্র ধরে বুধবার এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

গ্রেপ্তার পাঁচজনকে পাকিস্তানের হাতে তুলে দেয়া হয়েছে, প্রকাশিত এমন খবর অস্বীকার করেছেন আফগান কর্মকর্তারা। গ্রেপ্তার হওয়াদের আফগানিস্তানেই প্রথম জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তারা।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়োরের ওই স্কুলে হামলা চালিয়ে তালেবান জঙ্গিরা ছাত্র ও শিক্ষকসহ অন্ততপক্ষে ১৫০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ১৩৪।

পাকিস্তানি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলায় সরাসরি অংশ নেয়া সাত জঙ্গিই নিহত হন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশের সীমান্ত থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এক আফগান নিরাপত্তা কর্মকর্তা। এরা স্কুলটিতে হামলার সঙ্গে পরোক্ষভাবে জড়িত বলে মনে করছেন আফগান নিরাপত্তা কর্মকর্তারা।

২০১৪’র জুন থেকে পাকিস্তানের খাইবার ও উত্তর ওয়াজিরিস্তানে শুরু হওয়া সামরিক বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের প্রতিশোধ হিসেবে স্কুলে হামলা চালানো হয়েছে বলে দাবি করে পাকিস্তানের তালেবান।

ভয়াবহ ওই হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে নিন্দার সঙ্গে তাল মিলিয়ে আফগান তালেবানও ওই হামলার নিন্দা জানায়।

ওই হামলার ঘটনায় প্রায় এক মাস বন্ধ থাকার পর চলতি সপ্তাহে পেশোয়ারের ওই স্কুলটিতে আবার ক্লাস শুরু হয়েছে।