২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানে লাশের সন্ধানে ডুবুরিরা

এয়ার এশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের খুঁজে পাওয়া মূল কাঠামোর ভিতরে লাশের সন্ধানে তল্লাশি শুরু করেছে ইন্দোনেশীয় নৌবাহিনীর ডুবুরিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jan 2015, 01:16 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

বৃহস্পতিবার এই অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত মাত্র ৫০টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৬২ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড৮৫০১ মাঝপথ থেকে নিখোঁজ হয়ে যায়।

পরে ব্যাপক অনুসন্ধানের পর জাভা সাগরে বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

উড়োজাহাজটির যাত্রীরা কেউ বেঁচে নেই বলে ধরে নেয়া হয়েছে।

এর মধ্যে উড়োজাহাজটির ডাটা রেকর্ডার ও ভয়েস রেকর্ডার নামের দুটি ব্ল্যাকবক্স উদ্ধার করার পর বুধবার উড়োজাহাজটির মূল কাঠামোর সন্ধান পায় একটি সামরিক জাহাজ।

জাভা সাগরের তলদেশের যে অংশ থেকে উড়োজাহাজটির লেজের অংশ উদ্ধার করা হয়েছিল তার তিন কিলোমিটার দূরে মূল কাঠামোর সন্ধান পাওয়া গেছে।

উড়োজাহাজের মূল কাঠামো অংশটিতেই যাত্রী ও ক্রু’রা অবস্থান করেন। তাই এ অংশটি আবিষ্কৃত হওয়ার পর অধিকাংশ লাশ এই কাঠামোটির ভিতরে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। লাশ পাওয়া গেলে বড় বড় বেলুন ব্যবহার করে উড়োজাহাজের কাঠামোটিকে সাগরের নিচ থেকে ওপরে তুলে আনা হবে, নাকি পানির নিচ থেকে লাশগুলো একটা একটা করে তুলে আনা হবে সেই সিদ্ধান্ত নেবেন ডুবুরিরা। উদ্ধার অভিযানের ঘাঁটি পাঙকালান বান টাউনে এক সংবাদ সম্মেলনে অভিযান সমন্বয়ক ইন্দোনেশীয় কর্মকর্তা সুপ্রিয়াদি বলেছেন, “কোনটি করলে বেশি তাড়াতাড়ি হবে, ডুবুরিরা সেই সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি লাশগুলো তুলে আনতে কম সময় লাগে, তাহলে আমরা একটা একটা করে তুলে আনবো।” লাশ তোলার পর আকাশ পথে সেগুলো সুরাবায়ায় পুলিশ সদরদপ্তরে নিয়ে যাওয়া হবে, সেখানে লাশগুলো সনাক্ত করা হবে। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল তা এখনো জানা যায়নি, তবে প্রাকৃতিক দুর্যোগ এর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা ব্ল্যাকবক্স দুটির তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ নির্ণয়ের চেষ্ট শুরু করেছেন তদন্তকারীরা।