২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার গোপন তথ্য ফাঁস করবে ‘আফ্রিলিকস’

আফ্রিকায় ক্ষমতার অপব্যবহারকারী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গোপন তথ্য ফাঁস করতে আফ্রিলিকস নামের একটি ওয়েবসাইট চালু করেছে গণমাধ্যম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী গোষ্ঠীগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 02:55 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

এখন থেকে লোকজনকে পরিচয় গোপন রেখে স্পর্শকাতর তথ্য ফাঁস করার সুযোগ দেবে আফ্রিলিকস।

ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি ও মানবাধিকারের লঙ্ঘণ তুলে ধরতে অনুসন্ধানমূলক সাংবাদিকতায় জোয়ার আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়েবসাইটটির উদ্যোক্তারা।

তারা জানিয়েছেন, সরকার ও কর্পোরেট ফার্মগুলোর ক্রমবর্ধমান নজরদারী এড়িয়ে যেতেও সাহায্য করবে আফ্রিলিকস।

“ক্ষমতার বিষয়ে সত্য কথন”, এই স্লোগানের ভিত্তিতে ১৯টি গণমাধ্যমের আফ্রিকীয় শাখা ও আন্দোলনকারী গোষ্ঠী আফ্রিলিকস সাইটটি তৈরি করেছে।

“এতে আপনি আমাদের নথিপত্র পাঠাতে পারবেন এবং নির্বাচন করতে পারবেন যা আমাদের সদস্য সংগঠনগুলো তদন্ত করতে পারবে,” বলেছেন তারা।

“আমরা এমন একটি পদ্ধতি নকশা করেছি, যা আপনার পরিচয় গোপন রেখে নথিপত্র শেয়ার করতে সহায়তা করবে, তাই তথ্যের উৎসগুলো আপনিই ফাঁস করেছেন তা সনাক্ত করা অসম্ভব হবে।”

উদ্যোক্তা সংবাদপত্রগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার মেইল ও গার্ডিয়ান, কেনিয়ায় ডেইলি ন্যাশন এবং নাইজেরিয়ার প্রিমিয়াম টাইমস অন্যতম।

ইউরোপের গ্লোবলিকস্’র অনুসরণে আফ্রিলিকস তৈরি করা হয়েছে বলে জানিয়েছে দ্য মেইল এন্ড গার্ডিয়ান।