লাহোরে বিয়ের আসরে দেয়াল চাপায় কনেসহ নিহত ৬
পাকিস্তানের লাহোরে বিয়ের অনুষ্ঠান চলাকালে মঞ্চে একটি দেয়াল ভেঙে পড়ে কনেসহ ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে নগরীর শাদবাগ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ডন।
নিহতদের মধ্যে দুই শিশু ও দুজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২০ জন।
বৃষ্টির কারণে নতুন করে বানানো ওই দেয়ালটি ভেঙে পড়ে বলে জানা গেছে। এ সময় মঞ্চের উপরে ও আশপাশে অনেক অতিথি দাঁড়িয়ে ছিলেন।
ঘটনার পরপরই হতাহতদের স্থানীয় দুটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা ছয়জনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ।
