৫৩ মার্কিন বন্দিকে মুক্তি দিল কিউবা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী, ৫৩ বন্দির সবাইকে মুক্তি দিয়েছে কিউবা। ওবামা প্রশাসন এ খবর নিশ্চিত করেছে।
দীর্ঘদিনের বৈরী সম্পর্ক পেছনে ফেলে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা।
স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে গত মাসে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে একটি চুক্তি সই হয়। ওই চুক্তির অন্যতম শর্ত ছিল ৫৩ বন্দির মুক্তি।
যুক্তরাষ্ট্র কিউবার এ পদক্ষেপকে মাইলফলক বলে উল্লেখ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, আরো রাজবন্দির মুক্তি দেয়ার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে কিউবাকে চাপ দেয়া হবে।
যাদের মুক্তি দেয়া হয়েছে তাদের নামের তালিকা নিয়ে শুরুতে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। পরে ওবামা প্রশাসন কংগ্রেস সদস্যদের নামের পূর্ণ তালিকা দেয়। ওই তালিকার একটি অনুলিপি রয়টার্স হাতে পেয়েছে।
ওই তালিকায় কিউবার বিভিন্ন আন্দোলনকারী সংগঠনের সদস্য ও সমাজকর্মীদের নাম রয়েছে। যদিও এক সময় প্রশ্ন উঠেছিল ১৭ ডিসেম্বরের চুক্তি অনুযায়ী সব বন্দিকে কিউবা শেষ পর্যন্ত মুক্তি দেবে কিনা।
কারণ গুঞ্জন উঠেছিলে ওবামা এ ব্যাপারে হাভানাকে যথেষ্ট চাপ দিচ্ছেন না।
রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের একজন গুপ্তচরকে মুক্তি দিয়েছে কিউবা। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কিউবার তিনজন গুপ্তচরকে ছেড়ে দিয়েছে।
