২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার এশিয়া বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্স উদ্ধার

এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের মূল ব্ল্যাকবক্সটি উদ্ধারের একদিন পর ইন্দোনেশিয়ার ডুবুরিরা বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্স নামে পরিচিত ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 01:32 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

মঙ্গলবার সকালে জাভা সাগর থেকে ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করা হয়েছে বলে ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিযে জানিয়েছে বিবিসি।

এই রেকর্ডারটি থেকে ককপিটের ভিতর পাইলটদের কথাবার্তা ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তাদের যোগাযোগের আদ্যোপান্ত জানা যাবে।

ইন্দোনেশীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান তাৎক্ষণিকভাবে ভয়েস রেকর্ডার পাওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও পরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তা জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযানে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করার পর ভয়েস রেকর্ডারটি জাভা সাগরে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ নামের যুদ্ধজাহাজে রাখা হয়েছে।

সোমবার ফ্লাইট ডাটা রেকর্ডার নামের মূল ব্ল্যাকবক্সটি সাগর থেকে উদ্ধার করে তীরে নিয়ে যাওয়া হয়। ২৮ ডিসেম্বর ইন্দেোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় প্রায় মাঝপথ থেকে ১৬২ জন আরোহী নিয়ে ফ্লাইট কিউজেড৮৫০১ নিখোঁজ হয়ে যায়। কয়েকদিনের ব্যাপক তল্লাশির পর জাভা সাগরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। জাভা সাগর থেকে এ পর্যন্ত বিমানটির নিখোঁজ আরোহীদের মধ্যে ৪৮ জনের লাশ খুঁজে পাওয়া গেছে। বাকীদের লাশ বিমানটির মূল কাঠামোর ভিতরে সাগরের তলদেশের কোথাও আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা ডাটা ও ভয়েস রেকর্ডারের তথ্য থেকে বিমানটি ঠিক কী পরিস্থিতির শিকার হয়েছিল তা জানতে তদন্তকারীদের সাহায্য করবে। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকেই বিমান দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফ্লাইট ডাটা রেকর্ডারটি থেকে বিমানটি কী গতিতে চলছিল, কত উচ্চতায় ছিল ও অন্যান্য কারিগরি তথ্য জানা যাবে। ককপিট ভয়েস রেকর্ডার থেকে ককপিটে পাইলটদের মধ্যে কী কথাবার্তা হয়েছিল তা জানা যাবে।