১০ হাজার সেনা মোতায়েন করছে ফ্রান্স
গত সপ্তাহের প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা বাড়াতে ১০ হাজার সেনা মোতয়েন করছে ফ্রান্স। তাছাড়া, ইহুদি স্কুলগুলোতে নিরাপত্তা বাড়াতে কয়েক হাজার পুলিশও পাঠাবে তারা।
প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ইভ ল্য দুহিয়্যঁ বলেছেন, সবচে বেশি অরক্ষিত এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হবে। ফ্রান্সের মন্ত্রিসভা নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করার সময়টিতে এ সিদ্ধান্ত এল।
শার্লি এবদুর ঘটনাসহ প্যারিসে তিনদিনের প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। এর প্রতিবাদে সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে বিশ্বের পশ্চিমা ও আরব দেশগুলোর প্রায় ৪০ নেতা প্যারিসে জনতার মিছিলে সামিল হন।
সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সঙ্কটকালীন বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ফ্রান্সে এ যাবতকালে এবারই সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা হচ্ছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ৭১৭ টি ইহুদি স্কুলের সুরক্ষায় প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া, আগামী দুইদিন বাড়তি সুরক্ষার জন্য পাঠানো হবে সেনাও।
